ঢাকা     শুক্রবার   ১৩ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৮ ১৪৩২ || ২৩ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

স্পিকার বললেন, প্রথম দিন ওয়াকআউট না করলেই ভালো হতো

সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২১, ১৩ মার্চ ২০২৬   আপডেট: ১২:২৩, ১৩ মার্চ ২০২৬
স্পিকার বললেন, প্রথম দিন ওয়াকআউট না করলেই ভালো হতো

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বিরোধী দলের ওয়াকআউট প্রসঙ্গে জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ‍“ওয়াকআউট করার অধিকার বিরোধী দলের রয়েছে। সংসদের এটি একটি প্রচলিত কার্যক্রম। তারা তাদের দৃষ্টিকোণ থেকে এটি করেছে। না করলে ভালো হতো- বিশেষ করে প্রথম দিন না করলেই ভালো হতো। যাই হোক, সেটি তাদের বিষয়।”

শুক্রবার (১৩ মার্চ) সকালে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

আরো পড়ুন:

রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বিরোধী দলের অবস্থান সম্পর্কে প্রশ্ন করা হলে স্পিকার জানান, অধিবেশন চলাকালে কিছু স্লোগান তিনি দেখেছেন। বিরোধী দলের কাজই হলো বিরোধিতা করা। তিনি আশা করেন, বিরোধিতা হবে গঠনমূলক এবং এমন কোনো কর্মকাণ্ড তারা করবে না, যাতে রাষ্ট্রের ক্ষতি হয় বা জাতীয় ঐক্য বিনষ্ট হয়।

তিনি বলেন, “সরকার ও বিরোধী দলের সহযোগিতা এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই সংসদ তার লক্ষ্যে পৌঁছাতে পারে। ভবিষ্যতে বিরোধী দল সরকারের গঠনমূলক কর্মকাণ্ডে সহযোগিতা করবে বলে প্রত্যাশা করছি।”

দেশে যাতে ফ্যাসিস্ট শক্তির পুনরুত্থান না ঘটে, সে বিষয়েও সংসদে প্রতিনিধিত্বকারী সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

বিরোধী দলকে পর্যাপ্ত সুযোগ দেওয়ার আশ্বাস দিয়ে হাফিজ উদ্দিন আহমদ জানান, নিরপেক্ষতা নিশ্চিত করার স্বার্থে তিনি তার ৩৪ বছরের পুরোনো দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে পদত্যাগ করেছেন, যাতে বিরোধী দল তার ওপর আস্থা রাখতে পারে। বিরোধী দলের কাছ সব ধরনের সহযোগিতা তিনি কামনা করেন এবং আশা করেন, তারা সেই সহযোগিতা তাকে করবে।

স্পিকার বলেন, “স্বাধীনতার মূল লক্ষ্য ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করা। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রতিটি সদস্য এই লক্ষ্য বাস্তবায়নে সর্বাত্মক উদ্যোগ নেবেন।” 

হাফিজ উদ্দিন আহমদ বলেন, “সংসদ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠার যে সুযোগ তৈরি হয়েছে, তার সর্বোচ্চ ব্যবহার করা হবে। জাতির অর্থনৈতিক মুক্তি ও মুক্তিযুদ্ধের লক্ষ্য বাস্তবায়নে সবাইকে অক্লান্ত পরিশ্রম করতে হবে।” এ কাজে জনগণের সহযোগিতা প্রয়োজন।

ঐক্যবদ্ধ জাতি এবং ঐক্যবদ্ধ সংসদ দেখতে চাওয়ার আশা প্রকাশ করে তিনি জানান, জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে সংসদ প্রয়োজনীয় সব কার্যক্রম গ্রহণ করবে এবং দেশকে ধীরে ধীরে উন্নতির পথে এগিয়ে নেবে।

ঢাকা/সাব্বির/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়