টানা ১০ দিন বন্ধ থাকবে হিলি বন্দরে পণ্য আমদানি-রপ্তানি
দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে টানা ১০দিন পণ্য আমদানি-রপ্তানি সহসকল কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময়ে চেকপোস্টের মাধ্যমে এই দুই দেশে বৈধ পাসপোর্ট- ভিসায় যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
শনিবার (১৪ মার্চ) দুপুরে হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শাহিনুর ইসলাম মন্ডল এ তথ্য জানান।
তিনি জানান, ঈদ উপলক্ষে আগামী ১৮-২৭ মার্চ পর্যন্ত হিলি স্থলবন্দরের মাধ্যমে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংগঠনের জরুরী সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টানা ১০ দিন বন্ধ রাখার বিষয়টি এরইমধ্যে ভারতের ব্যবসায়ীদের পত্রের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। ফলে এ সময়ে বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রমসহ বন্দরের বেসরকারি ওয়্যারহাইজ পানামা পোর্টের অভ্যন্তরে পণ্য লোড-আনলোডও বন্ধ থাকবে।
তিনি আরো জানান, আগামী ২৮ মার্চ থেকে পুনরায় এই বন্দরের সকল কার্যক্রম শুরু হবে। বর্তমানে রমজানে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালিত হচ্ছে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম জানান, বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের ভারত ও বাংলাদেশের মধ্যে আসা-যাওয়া স্বাভাবিক থাকবে।
হিলি স্থল শুল্ক স্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. আমীর হামজা জানান, সরকারি ছুটির কারণে এ সময়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
ঢাকা/মোসলেম/ইভা