ঢাকা     শনিবার   ১৪ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ৩০ ১৪৩২ || ২৫ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বাগেরহাটে মহিলা দল নেত্রীর ঘর থেকে মদ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৯, ১৪ মার্চ ২০২৬  
বাগেরহাটে মহিলা দল নেত্রীর ঘর থেকে মদ উদ্ধার

মহিলা দলের নেত্রীর বাসা থেকে ১৯৭ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

বাগেরহাটের মোংলা উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সভাপতি তানিয়া বিশ্বাস লিথির বসতঘর থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করেছে কোস্ট গার্ডের সদস্যর। অভিযানে পালানোর চেষ্টাকালে ওই নেত্রীর স্বামীকে ধাওয়া করে গ্রেপ্তার করা হয়। 

শুক্রবার (১৩ মার্চ) রাতে মোংলা উপজেলার চিলা বাজার সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়। উদ্ধার হওয়া ১৯৭ বোতল বিদেশি মদের দাম প্রায় ১০ লাখ টাকা। গ্রেপ্তার অভিজিৎ পাড়ই শান্ত মোংলা থানার চাঁদপাই ইউনিয়নের দক্ষিণ কাইনমারী গ্রামের পিতর পাড়ইয়ের ছেলে। তার স্ত্রী তানিয়া বিশ্বাস লিথি মোংলা উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সভাপতি।

আরো পড়ুন:

কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এতে আরো জানানো হয়, উদ্ধারকৃত মদ ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে তানিয়া বিশ্বাস লিথির উপস্থিতিতে তার বসতঘরে অভিযান চালায় কোস্ট গার্ড পশ্চিম জোনের সদস্যরা। এ সময় কোস্ট গার্ডের সদস্যদের উপস্থিতি টের পেয়ে তার স্বামী শান্ত পাড়ই দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া দিয়ে তাকে ধরতে সক্ষম হয় তারা।   

বসতঘর থেকে মাদক উদ্ধারের ঘটনা স্বীকার করেছেন তানিয়া বিশ্বাস লিথি। তিনি জানান, তার স্বামী ওয়ার্ড বিএনপির সদস্য। ১৯৭ বোতল বিদেশি মদ তাদের নয়। তার স্বামীর পরিচিত এক ব্যক্তি এগুলো তাদের ঘরে রাখতে দিয়েছিলেন। তবে তিনি কৌশলে ওই ব্যক্তির নাম এড়িয়ে যান।  

এ বিষয়ে মোংলা উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক লিপি বেগম বলেন, ‘‘অপরাধীর কোনো দল হতে পারে না। মাদকের সঙ্গে জড়িত থাকলে আইন সবার জন্য সমান। তিনি দলের যত বড় নেত্রীই হোন না কেন, মাদকের ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না।’’

তিনি আরো বলেন, সাংগঠনিকভাবে তার অপরাধের বিষয়ে দলের ঊর্ধ্বতন নেতাদের সঙ্গে আলোচনা করে দলীয় ব্যবস্থা নেওয়া হবে।
 

ঢাকা/আমিনুল/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়