ঢাকা     সোমবার   ১৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ৩ ১৪৩২ || ২৬ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

গোমস্তাপুরে ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড ঘরবাড়ি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০২, ১৬ মার্চ ২০২৬   আপডেট: ১০:৩১, ১৬ মার্চ ২০২৬
গোমস্তাপুরে ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড ঘরবাড়ি

রবিবার রাতের ঝড়ে ভেঙ যাওয়া একটি আধা-পাকা বাড়ি।

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ঝড়ে লন্ডভন্ড হয়েছে ঘরবাড়ি। রবিবার (১৫ মার্চ) রাত ৯টার দিকে শুরু হওয়া ঝড়ে উপজেলার প্রায় সব ইউনিয়নে বসতবাড়ি, গাছপালা এবং আমবাগানের ক্ষতি হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, রাতে উত্তর-পশ্চিম দিক থেকে আসা ঝড়ের সঙ্গে বৃষ্টি শুরু হয়। এতে রহনপুর পৌর এলাকা ছাড়াও বোয়ালিয়া, গোমস্তাপুর, আলিনগর, পার্বতীপুর, রাধানগর ও চৌডালা ইউনিয়নের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। ঝড়ের তীব্রতায় কাঁচা ও আধা-পাকা ঘরের টিনের চাল উড়ে যায়। অসংখ্য গাছ উপড়ে পড়ে। 

আরো পড়ুন:

এই দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন স্থানীয় আম চাষিরা। রহনপুর এলাকার আম চাষি আব্দুর রাজ্জাক বলেন, “কয়েকদিন আগেই গাছে মুকুল থেকে গুটি বের হয়েছিল, ভেবেছিলাম এবার ফলন ভালো পাব। রাতের ঝড়ে অর্ধেকের বেশি গুটি ঝরে গেছে এবং বড় কয়েকটি গাছও ভেঙে পড়েছে।”

আলিনগর ইউনিয়নের বাসিন্দা নাজমা বেগম জানান, “রাতে যখন বাতাস শুরু হলো, মনে হলো ঘরবাড়ি সব উড়িয়ে নিয়ে যাবে। বাচ্চার হাত ধরে কোনোমতে বাইরে গিয়ে দাঁড়িয়েছিলাম, চোখের সামনেই ঘরের চাল উড়ে গেল।”

গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকের আলী মুন্সি বলেন, “ঝড়ে ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি কৃষির বড় ধরনের ক্ষতি হয়েছে। এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। আমরা ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পর্যবেক্ষণ শুরু করেছি। জনপ্রতিনিধিদের মাধ্যমে ক্ষয়ক্ষতির সঠিক তথ্য নিরূপণের কাজ চলছে।”

ঢাকা/মেহেদী/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়