ঢাকা     সোমবার   ১৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ৩ ১৪৩২ || ২৬ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

পানি আল্লাহর দেওয়া নিয়ামত, মানুষের কল্যাণে ব্যবহার করতে হবে: প্রধানমন্ত্রী

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৫, ১৬ মার্চ ২০২৬   আপডেট: ১৭:১৫, ১৬ মার্চ ২০২৬
পানি আল্লাহর দেওয়া নিয়ামত, মানুষের কল্যাণে ব্যবহার করতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “পানি আল্লাহর দেওয়া নিয়ামত, এটি মানুষের কল্যাণে ব্যবহার করতে হবে। নদী ও খালের দুই পাশে বৃক্ষরোপণ করতে হবে এবং মানুষের চলাচলের জন্য রাস্তা নির্মাণ করতে হবে।”

সোমবার (১৬ মার্চ) দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর এলাকার সাহাপাড়া খাল খনন কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন:

তারেক রহমান বলেন, “বাংলাদেশে প্রায় ২০ কোটি মানুষের বসবাস। এত মানুষের খাদ্যের চাহিদা বিদেশ থেকে এনে পূরণ করা সম্ভব নয়। তাই দেশের মাটিকে কাজে লাগিয়ে কৃষি উৎপাদন বাড়াতে হবে। এ দেশের মাটি সোনার চেয়েও খাঁটি। সামান্য যত্ন, গাছ লাগালে এবং একটু পানি দিলেই ভালো ফলন পাওয়া যায়।”

তিনি বলেন, “পানি আল্লাহর দেওয়া একটি বড় নিয়ামত। পানির সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে, যাতে কৃষি উৎপাদন বৃদ্ধি পায় এবং মানুষ উপকৃত হয়। একসময় মাটির কাছাকাছি স্তরেই পানি পাওয়া যেত, কিন্তু বর্তমানে ভূগর্ভস্থ পানির স্তর অনেক নিচে নেমে গেছে। তাই পানির অপচয় বন্ধ করে সংরক্ষণ ও সঠিক ব্যবহারের ওপর গুরুত্ব দিতে হবে।”

প্রধানমন্ত্রী আরো বলেন, “দেশের বিভিন্ন এলাকায় পানির সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার সারা দেশে খাল খনন কর্মসূচি হাতে নিয়েছে। এসব খাল খননের মাধ্যমে মাটির উপরের পানিকে সংরক্ষণ করে কৃষি কাজে ব্যবহার করা হবে, যা দেশের খাদ্য উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

ঢাকা/মোসলেম/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়