ঢাকা     মঙ্গলবার   ১২ মে ২০২৬ ||  বৈশাখ ২৯ ১৪৩৩ || ২৪ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সড়কে যানজট নেই, পাটুরিয়া ঘাটে চাপ নেই 

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৪, ১৭ মার্চ ২০২৬   আপডেট: ১৯:৩৮, ১৭ মার্চ ২০২৬
সড়কে যানজট নেই, পাটুরিয়া ঘাটে চাপ নেই 

পাটুরিয়া ফেরিঘাটে যানবাহনের চাপ নেই।

রাজধানী ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যোগাযোগের অন্যতম মাধ্যম পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট। পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে এ নৌরুটে যানবাহনের চাপ কমে গেলেও ঈদ মৌসুমে তা বেড়ে যায়। তবে এবার পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে পর্যাপ্ত ফেরি থাকায় চিরচেনা সেই ভোগান্তি আর নেই। 

মঙ্গলবার (১৭ মার্চ) পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে গিয়ে দেখা যায়, স্বস্তিতে যানবাহন ও যাত্রীরা নৌরুট পার হচ্ছেন। আরিচা-কাজিরহাট নৌরুটেও বাড়তি চাপ নেই। তবে পন্টুনের সড়কের সংস্কার কাজ পুরোপুরি শেষ না হওয়ায় যানবাহন লোড-আনলোডে সময় বেশি লাগছে।

আরো পড়ুন:

ঢাকা-আরিচা মহাসড়কের বারবাড়িয়া থেকে পাটুরিয়া ঘাট পর্যন্ত ৪০ কিলোমিটার মহাসড়কে যানবাহন বাড়লেও যানজট নেই। এ মহাসড়কে ভিড় এড়াতে মোটরসাইকেল ও প্রাইভেটকারগুলো হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়ক ব্যবহার করায় ঢাকা-আরিচা মহাসড়কে ভোগান্তি নেই। 

মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ঘাট ও মহাসড়ক এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

কুষ্টিয়াগামী যাত্রী হাসান শিকদার বলেন, ‘‘গাজীপুর থেকে নবীনগর হয়ে পাটুরিয়া ঘাট এলাকায় এসেছি। মহাসড়কে বাড়তি চাপ নেই। ঘাট এলাকায় স্বাভাবিক সময়ের চেয়ে যানবাহনের সংখ্যা বেশি থাকলেও ভোগান্তি নেই।’’  

গোল্ডেন লাইন বাসের চালক কালাম মিয়া বলেন, ‘‘ঘাটের পন্টুন থেকে ফেরিতে উঠতে একটু বেগ পেতে হয়। তাছাড়া ঘাট এলাকায় আর ভোগান্তি নেই। সিরিয়ালে যানবাহনগুলো পার হচ্ছে।’’

বিআইডব্লিউটিএ আরিচা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী রবিউল আলম বলেন, ‘‘যানবাহনগুলোর বাড়তি লোডের কারণে পন্টুনে সময় বেশি লাগছে। ঘাটের ভোগান্তি এড়াতে প্রস্তুতি নেওয়া হয়েছে। রাস্তার সংস্কার কাজ যথাযথভাবে করা হয়েছে।’’  

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক সালাম হোসেন বলেন, ঈদযাত্রায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৭টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। যানবাহনের তুলনায় পর্যাপ্ত ফেরি থাকায় ভোগান্তি হচ্ছে না।

আজ মঙ্গলবার (১৭ মার্চ) থেকে ঈদের টানা সাত দিনের সরকারি ছুটি শুরু হয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী শুক্রবার (২০ মার্চ) বা শনিবার (২১ মার্চ) দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে। 
 

ঢাকা/চন্দন/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়