বগুড়ায় ট্রেন দুর্ঘটনা
পঞ্চগড়ে তিন ট্রেনের যাত্রা বাতিল
পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেসের বগি লাইনচ্যুতর ঘটনায় পঞ্চগড় থেকে তিনটি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। এর মধ্যে একটি ঢাকাগামী, অপর দুইটি পার্বতীপুর ও রাজশাহীগামী ছিল।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ৯টায় বাংলাবান্ধা এক্সপ্রেস, দুপুর ১২টা ১০ মিনিটে পঞ্চগড় এক্সপ্রেস ও বেলা ৩টা ৩০ মিনিটের কাঞ্চন আন্তঃনগর কমিউটার ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন পঞ্চগড় রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জাহিদুল ইসলাম জাহিদ।
তিনি বলেন, “বগুড়ায় ট্রেন দুর্ঘটনার কারণে বড় ধরনের শিডিউল বিপর্যয় হয়েছে। আপ শিডিউলে কোনো প্রভাব না থাকলেও ডাউনে প্রভাব পড়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত পঞ্চগড়ে তিনটি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। যারা টিকিট কিনেছিলেন তাদের মূল্য ফেরত দেওয়া হবে। শুক্রবার থেকে নির্ধারিত সময়ে ট্রেনগুলো পঞ্চগড় থেকে ছেড়ে যাবে।”
এর আগে, বুধবার দুপুরে বগুড়ার সান্তাহারের চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়। প্রায় ২২ ঘণ্টা পর বৃহস্পতিবার দুপুরে এই রুটে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
ঢাকা/নাঈম/রাজীব