ঈদের আগের দিনও বাড়ি ফিরছে উত্তরাঞ্চলের মানুষ, বাস সংকট
টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বাস না পেয়ে ঝুঁকি নিয়ে ট্রাক-পিকআপে উত্তরাঞ্চলের যাত্রীরা। ছবি: রাইজিংবিডি
ঈদের আগের দিনও ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক হয়ে বাড়ি ফিরছে উত্তরাঞ্চলের মানুষ। তবে স্বাভাবিকের চেয়ে কম পরিবহন চলাচল করায় বাসের সংকট দেখা দিয়েছে। এক থেকে দেড় ঘণ্টা দাঁড়িয়ে থেকেও বাস পাচ্ছে না ঘরমুখো মানুষ। অনেকেই ঝুঁকি নিয়ে খোলা ট্রাক-পিকআপে বাড়ি যাচ্ছে।
শুক্রবার (২০ মার্চ) সরেজমিন মহাসড়কের রাবনা ও এলেঙ্গা বাসস্ট্যান্ডে গিয়ে যায়, কেউ একা, কেউ পরিবার পরিজন নিয়ে বাড়ি যাওয়ার জন্য অপেক্ষা করছে। ঘরমুখো মানুষের অভিযোগ, তাদের কাছ থেকে আজকেও বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে।
স্বপন মাহমুদ বলেন, আমি টাঙ্গাইলে একটি ব্যবসা প্রতিষ্ঠানে চাকরি করি। গত দুই দিন মহাসড়কে যানবাহনের খুব চাপ ছিল। শুনেছি মানুষের খুব ভোগান্তি হয়েছে। তাই ঈদের আগের দিন যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে দেড় ঘণ্টা যাবত দাঁড়িয়ে থেকেও নীলফামারীর ডিমলার কোনো বাস পাইনি।
বগুড়াগামী হেলাল মিয়া বলেন, আধা ঘণ্টা পর এক বাস পেয়েছিলাম। সেখানে দাঁড়িয়ে যেতে হবে, তবে ভাড়া দ্বিগুণ। স্বাভাবিক সময়ে ৪০০ থেকে ৫০০ টাকায় বাড়ি গেলেও সেখানে আজকে ৮০০ টাকা দাবি করছে।
রুমানা বেগম বলেন, বাস নাই, তাই পিকআপে রংপুর যাচ্ছি। সকালে রোদ পুড়েছি। কিছুক্ষণ পর বৃষ্টি হতে পারে। বৃষ্টি হলে ভিজতে হবে। আমার মতো নিম্ন আয়ের মানুষের ভোগান্তির শেষ নেই।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শরিফ বলেন, মহাসড়কে যানবাহনের চাপ খুব কম। ঈদের আগের দিন স্বস্তিতে বাড়ি ফিরছে উত্তরাঞ্চলের মানুষ।
ঢাকা/কাওছার/ফিরোজ