শরীয়তপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মুসল্লিদের ঢল
শরীয়তপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
শরীয়তপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুর ফিতরের জামাতে মুসল্লিদের ঢল
শরীয়তপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল ৮টায় প্রথম ও দ্বিতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হয়েছে।
জামাতে ইমামতি করেন শরীয়তপুর জেলা মডেল মসজিদের ইমাম মুফতি মাওলানা অলিউল্লাহ। এতে অংশ নেন প্রায় ১০ হাজারের বেশি মুসল্লি। পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করার জন্য ঈদগাহে এসে পরিচিতদের সঙ্গে কুশল বিনিময় করেন মুসল্লিরা।
নামাজ শেষে মুসল্লিরা দেশ ও জাতির সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করেন। নারীদের জন্য বিশেষ ব্যবস্থার কারণে তারাও ঈদ জামাতে অংশগ্রহণ করেন। জেলা প্রশাসক তাহসিনা বেগম নারীদের সঙ্গে ঈদের নামাজ আদায় করেন।
জেলা প্রশাসক তাহসিনা বেগম বলেন, ঈদুল ফিতর আমাদের মধ্যে সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। এই আনন্দঘন দিনে সবাইকে ভেদাভেদ ভুলে একসঙ্গে দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য কাজ করার আহ্বান জানান তিনি। পাশাপাশি তিনি দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাপ্রশাসক মো. ইমরুল হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিন, জেলা পরিষদ প্রশাসক সরদার এ কে এম নাসির উদ্দিন কালুসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা ও সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিরা।
ঢাকা/আকাশ/ফিরোজ