ঢাকা     শনিবার   ২১ মার্চ ২০২৬ ||  চৈত্র ৮ ১৪৩২ || ১ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

রাতভর বৃষ্টির পর ঝলমলে সকালে ঠাকুরগাঁওয়ে স্বস্তির ঈদ জামাত

ঠাকুরগাঁও প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৯, ২১ মার্চ ২০২৬   আপডেট: ১১:৩৫, ২১ মার্চ ২০২৬
রাতভর বৃষ্টির পর ঝলমলে সকালে ঠাকুরগাঁওয়ে স্বস্তির ঈদ জামাত

ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে ঈদের জামাতে মুসল্লিরা। ছবি: রাইজিংবিডি

রাতভর বৃষ্টির পর ভোরে আকাশ পরিষ্কার হতেই রৌদ্রোজ্জ্বল সকালে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন ঠাকুরগাঁওয়ের মুসল্লিরা। বৃষ্টির কারণে কিছুটা শঙ্কা থাকলেও সকাল হওয়ার পর আবহাওয়া অনুকূলে আসায় ঈদের আনন্দে কোনো ভাটা পড়েনি।

শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৮টায় জেলার কেন্দ্রীয় ঈদের নামাজের জামাত ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন আলহাজ্ব মাওলানা মো. খলিলুর রহমান। নামাজ ও খুতবা শেষে ঠাকুরগাঁও পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক সরদার মোস্তফা শাহীন ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

আরো পড়ুন:

এসময় জেলা প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রায় ৩০ হাজার মানুষ ঈদের নামাজ আদায় করেন এবং নামাজ শেষে ছোট বড় সকলের মাঝে কুশল বিনিময় করেন।

এছাড়াও জেলা আনসার ও ভিডিপি মাঠ, পুলিশ লাইন মাঠ, বিজিবি ক্যাম্প মাঠসহ সদর উপজেলায় ১০টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। জেলার অন্যান্য ৪ উপজেলার বিভিন্ন ঈদগাহ ও মসজিদে স্বাস্থ্যবিধি ও শৃঙ্খলা মেনে মুসল্লিরা ঈদের জামাতে অংশ নেন।

সকাল থেকেই দলে দলে মানুষ নামাজ আদায়ের উদ্দেশ্যে ঈদগাহের দিকে ছুটে যান। নতুন পোশাকে সজ্জিত শিশু-কিশোরদের উপস্থিতিতে ঈদগাহগুলো হয়ে ওঠে প্রাণবন্ত।

নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এ সময় মুসল্লিরা বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও ভ্রাতৃত্ববোধ জোরদারের জন্য দোয়া করেন।

স্থানীয়রা জানান, রাতভর বৃষ্টির কারণে কিছুটা দুশ্চিন্তা থাকলেও সকালে আবহাওয়া পরিষ্কার হওয়ায় নির্বিঘ্নে ঈদের নামাজ আদায় করতে পেরে তারা স্বস্তি প্রকাশ করেছেন।

সব মিলিয়ে প্রতিকূল আবহাওয়া কাটিয়ে আনন্দ-উৎসবের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে উদযাপিত হলো পবিত্র ঈদুল ফিতর।

ঢাকা/হিমেল/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়