মাদক ও জুয়ার বিরুদ্ধে আপসহীন অবস্থানের ঘোষণা ত্রাণমন্ত্রীর
লালমনিরহাট সংবাদদাতা || রাইজিংবিডি.কম
মাদক ও জুয়ার বিরুদ্ধে আপসহীন অবস্থানের ঘোষণা দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
তিনি বলেছেন, “সমাজকে কলুষমুক্ত করতে প্রয়োজনে আইনের কঠোর প্রয়োগ করা হবে। এ ক্ষেত্রে কোনো সুপারিশ বা তদবির বরদাশত করা হবে না।”
শনিবার (২১ মার্চ) সকালে লালমনিরহাট কেন্দ্রীয় ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে উপস্থিত মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন।
অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে আহসান হাবিব দুলু বলেন, “নিজেদের সন্তানকে মাদকাসক্ত ও ক্যাসিনো (জুয়া) থেকে সরিয়ে আনতে হবে। পরিবারই হচ্ছে প্রথম শিক্ষাপ্রতিষ্ঠান। যদি তারা বিপথে যায়, তবে তাদের নিরাময় কেন্দ্রে পাঠিয়ে সুপথে ফেরানোর চেষ্টা করুন। যদি না পারেন তাহলে আমরাই করব।”
আইনশৃঙ্খলা রক্ষায় নিজের দৃঢ় অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, “যদি কেউ কথা না শোনে বা সংশোধিত না হয়, তবে আমি আইনের কঠোর প্রয়োগ করতে বাধ্য হব। আমি ইতিমধ্যে এ বিষয়ে প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে দিয়েছি। সে সময় কোনো বাবা-মা যেন এসে আমার কাছে কোন তদবির না করেন।”
মন্ত্রী বলেন, “সমাজ যদি ভালো না থাকে, তবে আমরা যতই উন্নয়ন করি না কেন; সেই উন্নয়ন কোনো কাজে আসবে না। আগে সমাজকে রক্ষা করতে হবে।”
ঢাকা/নিয়াজ/রাজীব