ঢাকা     রোববার   ২২ মার্চ ২০২৬ ||  চৈত্র ৯ ১৪৩২ || ২ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মঙ্গলবারেও খোলা থাকছে সাফারি পার্ক, বাড়তি আকর্ষণ নতুন তিন সিংহ

গাজীপুর পূর্ব প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৬, ২২ মার্চ ২০২৬   আপডেট: ০৯:২৩, ২২ মার্চ ২০২৬
মঙ্গলবারেও খোলা থাকছে সাফারি পার্ক, বাড়তি আকর্ষণ নতুন তিন সিংহ

গাজীপুর সাফারি পার্ক। ছবি: রাইজিংবিডি

গাজীপুরের শ্রীপুরে অবস্থিত সাফারি পার্কে ঈদুল ফিতর উপলক্ষে যুক্ত হয়েছে নতুন আকর্ষণ। দর্শনার্থীদের বিনোদনে বৈচিত্র্য আনতে পার্কটিতে আনা হয়েছে একটি পুরুষ সিংহ ও দুটি সিংহী। নতুন এই সংযোজনে পার্কটিতে মোট সিংহের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচটিতে।

পার্ক সূত্রে জানা যায়, কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক থেকে সিংহগুলো স্থানান্তর করা হয়েছে। ইতোমধ্যে এগুলোকে নির্ধারিত বেষ্টনিতে রাখা হয়েছে এবং ঈদের দিন থেকেই দর্শনার্থীরা সেগুলো সরাসরি দেখতে পারছেন।

ঈদে ভিড় সামাল দিতে ও দর্শনার্থীদের সুবিধা নিশ্চিত করতে পার্ক কর্তৃপক্ষ বিশেষ কিছু উদ্যোগ নিয়েছে। সাধারণত প্রতি মঙ্গলবার বন্ধ থাকলেও এবার ঈদ উপলক্ষে সেই দিনটিতেও পার্ক খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অতীতে অনেক দর্শনার্থী বন্ধের বিষয়টি না জেনে ফিরে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

দর্শনার্থীদের অভিজ্ঞতা আরও স্বাচ্ছন্দ্যময় করতে সংস্কার করা হয়েছে পর্যটক পরিবহনের জন্য ব্যবহৃত বাসগুলো। বর্তমানে পার্কে সাতটি শীতাতপ নিয়ন্ত্রিত ও নিরাপদ মিনিবাস প্রস্তুত রয়েছে, যা দিয়ে পর্যটকরা সাফারি কিংডম ঘুরে দেখতে পারবেন। এছাড়া পার্কের ভেতরে ফুডকোর্ট ও প্রয়োজনীয় স্যানিটেশন সুবিধাও রাখা হয়েছে।

পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক মো. তারেক রহমান জানান, ঈদে আগত দর্শনার্থীদের নিরাপত্তা ও সেবার মান বজায় রাখতে সংশ্লিষ্ট সবাই সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করছেন। পর্যটকরা বাসে চড়ে পার্কের ভেতরে ঘুরে বাঘ, ভালুকসহ বিভিন্ন বন্যপ্রাণী কাছ থেকে দেখার সুযোগ পাবেন।

সব মিলিয়ে, এবারের ঈদের ছুটিতে গাজীপুর সাফারি পার্ক দর্শনার্থীদের জন্য হয়ে উঠতে যাচ্ছে এক নতুন অভিজ্ঞতার ঠিকানা।

ঢাকা/রফিক/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়