বায়তুল মোকাররমে ঈদ জামাতে দেশ-জাতি ও মুসলিম উম্মাহর জন্য দোয়া
বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত শেষে দুই শিশুর কোলাকুলি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এখন পর্যন্ত তিনটি জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন হাজারো মুসল্লি। নামাজ শেষে দেশ-জাতির শান্তি, অগ্রগতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
জাতীয় মসজিদে ঈদের প্রথম জামাত শনিবার সকাল সাতটায় নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হয়েছে। এরপর সকাল সাড়ে ৮টা দ্বিতীয় ও সকাল ৯টায় তৃতীয় জামাতও নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হয়েছে।
ঈদের প্রথম জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান। ঈদের জামাত শেষে তিনি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করে দোয়া প্রার্থনা করেছেন।
মহান আল্লাহর দরবারে মোনাজাতে বলেন, “হে আল্লাহ আমাদের রোজা, এবাদত বন্দেগি, দান সাদকাহ তওবাকে কবুল করো। আমাদের মা বাবাসহ কবরবাসিদের ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসীব করো। পবিত্র মাহে রমজানের এই সিয়াম সাধনাকে বাকি জিন্দেগিতে আমল করার তওফিক দান করো। ঈমান আমলের সঙ্গে মৃত্যু দান করো। দেশকে শান্তির ফায়সালা করে দাও।”
মেঘলা আকাশে বৃষ্টির শঙ্কা নিয়েও শনিবার পবিত্র ঈদুল ফিতরের জামাতে মুসল্লির ঢল নেমেছে। সাতটার আগেই মুসল্লির উপস্থিতিতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উপরে নিচে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। মুসল্লি জায়গা না পেয়ে মসজিদের বাইরে সিঁড়িতে, সিঁড়ির নিচে যে যেখানে জায়গা পেয়েছেন নামাজ আদায় করেছেন। রাজধানীর দূর-দূরান্ত থেকে ছোট ছোট শিশু সন্তানকে সঙ্গে নিয়ে আসা মুসল্লিরা বায়তুল মোকাররমের প্রথম ঈদ জামাত আদায় করেন। নামাজ শেষে মোনাজাতে মুসল্লিরা নিজেদের জন্য, মা-বাবা-পরিবারের জন্য, নিপীড়িত বিশ্বমুসলিম বিশেষ করে ইরান, ফিলিস্তিনসহ মুসলিম উম্মাহর জন্য আল্লাহর কাছে দোয়া চেয়েছেন।
ঈদের জামাত শেষে ধনী-গরিব এককাতারে মিশে মুসল্লিরা একে অপরকে ঈদ মোবারক বলে বুকে টেনে নেন, কুলাকুলি করে ঈদ শুভেচ্ছা জানান। ভাইয়ে ভাইয়ে বুক মিলিয়ে ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার এক অভুতপূর্ব দৃশ্যের অবতারণা হয়।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতিবছরের মতো এবারও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল ৭টায়। দ্বিতীয় ও তৃতীয় জামাত অনুষ্ঠিত হয় যথাক্রমে সকাল ৮টায় ও ৯টায়।সকাল ১০টা ও সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে তিনটি জামাত।
নাশকতা এড়াতে ও নিরাপত্তা নিশ্চিত করতে বায়তুল মোকাররমে সেনাবাহিনী পুলিশসহ আইন শৃঙ্খলাবাহিনী মোতায়েন করা হয়েছে।
ঢাকা/নঈমুদ্দীন/ফিরোজ