জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
একসঙ্গে ঈদের নামাজ আদায় করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। সেখানে ঈদের নামাজ আদায় করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৮টায় প্রধান জামাত শুরু হয়। এতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ছাড়াও সুপ্রিম কোর্টের বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদসহ সব শ্রেণিপেশার মানুষ ঈদের প্রধান জামাতে অংশ নেন। নামাজ শেষে তারা একে অপরের সঙ্গে কোলাকুলি করেন। ঈদ জামাতে অংশ নেওয়া সাধারণ মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তারা।
এছাড়া, নামাজ শেষে সকাল ১০টায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশি-বিদেশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী।
ঈদ জামাতে অংশ নিতে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা জড়ো হতে থাকেন। পায়জামা পাঞ্জাবি, টুপি পড়ে ও নানা ধরনের আতর সুগন্ধি মেখে আসেন মানুষ। শিশু-কিশোররা আসে তাদের অভিভাবকদের সঙ্গে।
জাতীয় ঈদগাহ মাঠে এবারও প্রবেশ করতে হয়েছে সারিবদ্ধভাবে। প্রধান ফটকে বসানো হয় আর্চওয়ে। ঈদ জামাতে আসা মুসল্লিদের তল্লাশি করার পরই ঈদগাহে প্রবেশ করতে দেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কঠোর এই নিরাপত্তা ব্যবস্থায় অবশ্য সন্তোষ প্রকাশ করেছেন দূরদূরান্ত থেকে আগত মুসল্লিরা।
ঈদ জামাতকে ঘিরে মৎস্য ভবন, বঙ্গবাজার, পল্টন, জিপিও মোড়ে নিরাপত্তা বলয় তৈরি করা হয়। এ বলয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করতে বেরিকেড দিয়েছে পুলিশ।
এদিকে, প্রতিবছরের মতো এবারও ঈদের দিন পাঁচটি জামাত হচ্ছে ঢাকায় বায়তুল মোকাররমে।
সকাল ৭টায় প্রথম, সকাল ৮টা দ্বিতীয় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এরপর সকাল ৯টা, সকাল ১০টায় যথাক্রমে তৃতীয় ও চতুর্থ জামাত হবে। পঞ্চম জামাত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে।
ঢাকা/আলী/ইভা