বরিশালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ঈদ জামাতে ভোগান্তি
বরিশাল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বরিশালে ঈদ জামাত অনুষ্ঠিত
বরিশালে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল আটটায় নগরের হেমায়েতউদ্দিন কেন্দ্রীয় ঈদগা ময়দানে।
এখানে বরিশাল সদর-৫ আসরের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার, বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন, বরিশাল বিভাগীয় কমিশনার মো. মাহফুজুর রহমান, বরিশাল রেঞ্জ ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম, বরিশাল জেলা প্রশাসক খাইরুল ইসলাম সুমনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঈদের নামাজ আদায় করেন।
পাশাপাশি প্রথমবারে মতো এবার নারীদের জন্য ঈদের নামাজের ব্যবস্থা রাখা হয়েছে হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগা ময়দানে। বরিশাল সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক বিলকিস জাহান শিরিন প্রথমবারের মতো এখানে নারীদের নিয়ে ঈদের নামাজ আদায় করেন। এ সময় তিনি দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
এছাড়া জেলায় হাজারের বেশি মসজিদ ও ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা। সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টির কারণে অনেকটা দুর্ভোগে পড়তে হয় মুসল্লিদের। যে কারণে ছাতা হাতেই ঘর থেকে বের হতে হয়েছে মুসল্লিদের। নগরের বেশ কয়েকটি মসজিদে দুটি করে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এরমধ্যে কেন্দ্রীয় কসাই জামে মসজিদ, জামে এবায়েদুল্লাহ মসজিদ, বায়তুল মোকাররম মসজিদ, পোর্ট রোডের কেরামতিয়া জামে মসজিদে দুটি করে ঈদের জামাতের আয়োজন করা হয়।
অন্যদিকে চরমোনাই দরবার শরিফ, নেছারাবাদ ঈদগাহ ময়দান ও গুঠিয়া বাইতুল আমান জামে মসজিদে সকাল ৮টা থেকে ৯টার মধ্যে ঈদের জামাত অনুষ্ঠিত হয় ।
ঢাকা/পলাশ/ফিরোজ