ঢাকা     রোববার   ২২ মার্চ ২০২৬ ||  চৈত্র ৯ ১৪৩২ || ৩ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কুমিল্লায় বাসে ট্রেনের ধাক্কা, নিহতদের মধ্যে ৫ জন ঝিনাইদহের

ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১২, ২২ মার্চ ২০২৬  
কুমিল্লায় বাসে ট্রেনের ধাক্কা, নিহতদের মধ্যে ৫ জন ঝিনাইদহের

কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় বাসে ট্রেনের ধাক্কায় নিহতদের মধ্যে ঝিনাইদহের পাঁচজন রয়েছেন। এর মধ্যে তিনজন একই পরিবারের।

নিহতরা হলেন- মহেশপুর উপজেলার পাতিবিলা গ্রামের পিন্টু হোসেনের স্ত্রী লাইজু খাতুন (২৭) ও তাদের দুই শিশুকন্যা খাদিজা (৫) ও মরিয়ম (৩), একই উপজেলার ভালাইপুর গ্রামের সোনালী বেগম (৫০) এবং সদর উপজেলার হরিশঙ্করপুর ইউনিয়নের অনামী গ্রামের মুক্তার হোসেনের ছেলে জোহাদ হোসেন।

আরো পড়ুন:

জানা গেছে, দুই শিশুকন্যা নিয়ে ঝিনাইদহ থেকে মামুন পরিবহনের একটি বাসে নোয়াখালীতে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন লাইজু। পথিমধ্যে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় বাসে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তারা নিহত হন।

নিহতদের স্বজনরা জানান, বাসটির চালক ছিলেন পিন্টু হোসেন। তিনি ঢাকায় বদলি চালক হিসেবে নেমে যান। তার স্ত্রী ও দুই শিশুকন্যা ওই বাসেই নোয়াখালী যাচ্ছিলেন। দুর্ঘটনায় তারা নিহত হন।

পাতিবিলা গ্রামের শহিদুল ইসলাম বলেন, “আমার ভাই পিন্টু বাস চালাত। তার পরিবারকে নিয়ে নোয়াখালী যাচ্ছিল। ঢাকায় সে নেমে যায়, আর গাড়িতে ছিল তার স্ত্রী-সন্তানরা। দুর্ঘটনায় তারা সবাই মারা গেছে।”

মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার বলেন, “মরদেহ বাড়িতে পৌঁছালে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।”

শনিবার (২১ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে একটি যাত্রীবাহী বাসকে ধাক্কা দেয় ট্রেন। এ দুর্ঘটনায় অন্তত ১২ জন নিহত ও আহত হয়েছেন অনেকে।

ঢাকা/শাহরিয়ার/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়