সরকার সংবিধানকে নিজের মতো করে ব্যাখ্যা করছে: নাহিদ ইসলাম
নারায়ণগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, “আওয়ামী লীগের মতো বর্তমান সরকারও সংবিধানকে নিজের মতো করে ব্যাখ্যা করছে। এ প্রবণতা চললে জনগণ আবার রাজপথে নেমে তাদের রায় দেবে।”
শনিবার (২৮ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় ডাক বাংলোতে এনসিপির নারায়ণগঞ্জ মহানগর শাখার সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম আরো বলেন, “ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকার সারা দেশে অরাজকতা সৃষ্টি করেছিল।নারায়ণগঞ্জে আর যেন কোন ফ্যাসিস্ট তৈরী হতে না পারে। কোনো অন্যায়-অত্যাচার দেখলে সকলকে প্রতিহত করতে হবে।”
সভায় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন বলেন, “ফ্যাসিবাদী আওয়ামী লীগের বিরুদ্ধে নারায়ণগঞ্জের আপামর জনতা প্রতিরোধ গড়ে তুলেছিল।আমরা নারায়ণগঞ্জবাসী কোনো অন্যায়-অত্যাচার সহ্য করব না। নারায়ণগঞ্জের জনগণ যেকোনো ফ্যাসিবাদ দমনে রাস্তায় থাকবে। আমি নাহিদ ইসলামকে এই বলে আশ্বস্ত করছি, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মতোই নারায়ণগঞ্জকে যেকোনো মূল্যে ফ্যাসিবাদমুক্ত রাখব।”
সভায় আরো বক্তব্য রাখেন— জেলা এনসিপির আহ্বায়ক জোবায়ের আহমেদ, মহানগরের আহ্বায়ক শওকত আলী প্রমুখ।
ঢাকা/অনিক/রফিক
নয়াপল্টনে দলীয় কার্যালয়ে নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়