ঢাকা     শনিবার   ২৮ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৫ ১৪৩২ || ৯ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নরসিংদীতে দুটি হাসপাতালে অনিয়ম-অস্বাস্থ্যকর, জরিমানা-সিলগালা 

নরসিংদী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৮, ২৮ মার্চ ২০২৬   আপডেট: ২১:১১, ২৮ মার্চ ২০২৬
নরসিংদীতে দুটি হাসপাতালে অনিয়ম-অস্বাস্থ্যকর, জরিমানা-সিলগালা 

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ল্যাব এইড জেনারেল প্রাইভেট হাসপাতাল সিলগালা করা হয়।

নরসিংদীতে অব্যবস্থাপনা, লাইসেন্সবিহীন কার্যক্রম এবং গুরুতর স্বাস্থ্যঝুঁকির অভিযোগে দুটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৮ মার্চ) দুপুরে শহরের তরোয়া এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানার নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

অভিযানে ‘ইবনে সিনা জেনারেল প্রাইভেট হাসপাতাল’ নামে একটি প্রতিষ্ঠানে দেখা যায়, ২০১৮ সালের পর থেকে লাইসেন্স নবায়ন ছাড়াই কার্যক্রম চালানো হচ্ছে। এছাড়া দায়িত্বপ্রাপ্ত কোনো চিকিৎসক, প্যাথলজিস্ট বা টেকনিশিয়ান উপস্থিত ছিলেন না। হাসপাতালের পরিবেশও ছিল অস্বাস্থ্যকর। এ সব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং এক সপ্তাহের মধ্যে সব ত্রুটি সংশোধনের নির্দেশ দেওয়া হয়।

আরো পড়ুন:

একই সময়ে ‘ল্যাব এইড জেনারেল প্রাইভেট হাসপাতাল’ নামে আরেকটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হলে সেখানে কোনো দায়িত্বশীল কর্মকর্তা বা কর্মচারীকে পাওয়া যায়নি। অভিযান টের পেয়ে সংশ্লিষ্টরা পালিয়ে যায়। তদন্তে জানা যায়, প্রতিষ্ঠানটির লাইসেন্স নবায়ন করা হয়নি এবং ল্যাব পরিচালনারও বৈধ অনুমোদন নেই।

এছাড়া অপারেশন থিয়েটার ছিল অনুপযুক্ত ও অপরিচ্ছন্ন, লেবার রুমে ছিল না অক্সিজেন সিলিন্ডার, এমনকি রোগীদের জন্য ব্যবহৃত শয্যাগুলোও ছিল অকেজো। গুরুতর এসব অনিয়মের কারণে হাসপাতালটি সিলগালা করে দেওয়া হয় এবং ল্যাবের সরঞ্জাম জব্দ করা হয়।

এ অভিযানের মাধ্যমে জেলার বেসরকারি স্বাস্থ্যসেবায় অনিয়ম ও অব্যবস্থাপনার চিত্র আবারও সামনে এসেছে, যা নিয়ে জনমনে উদ্বেগ তৈরি হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ বলেন, ‘‘এই অভিযান অব্যাহত থাকবে। আজকে দুটি হাসপাতালে জরিমানা ও সিলগালা করা হয়েছে। ধাপে ধাপে সব জায়গায় যাবো।’’ 
 

ঢাকা/হৃদয়/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়