মেহেরপুরে ফিলিং স্টেশনে হট্টগোল, পুলিশ সদস্য আহত
মেহেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মেহেরপুরের গাংনী উপজেলার একটি ফিলিং স্টেশনে অতিরিক্ত জ্বালানি তেল চাওয়াকে কেন্দ্র করে মোটরসাইকেল আরোহী ও পাম্প কর্মচারীদের মধ্যে হট্টগোল হয়েছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে এক পুলিশ সদস্য আহত হয়েছেন।
শনিবার (২৮ মার্চ) দুপুর ১টার দিকে গাংনী ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যের নাম গোপাল চন্দ্র কর। তিনি গাংনী থানায় কনস্টেবল হিসেবে কর্মরত।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাঁশবাড়িয়া গ্রামে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাশে গাংনী ফিলিং স্টেশনে মোটরসাইকেল আরোহীদের ৫০০ টাকার নির্ধারিত সীমায় জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছিল। অতিরিক্ত তেল চাওয়াকে কেন্দ্র করে একপর্যায়ে মোটরসাইকেল আরোহী ও পাম্প কর্মচারীদের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। মুহূর্তেই তা উত্তেজনায় রূপ নেয় এবং সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে গেলে দায়িত্বরত পুলিশ সদস্য গোপাল চন্দ্র কর হামলার শিকার হন। তাকে মারধর করা হয় এবং তার ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়।
এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলাকারীদের পরিচয় পাওয়া যায়নি।
গাংনী থানার ওসি (তদন্ত) আল মামুন জানিয়েছেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা/ফারুক/রফিক
নয়াপল্টনে দলীয় কার্যালয়ে নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়