ঢাকা     রোববার   ২৯ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৬ ১৪৩২ || ৯ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

গাজীপুরে কলেজছাত্র হৃদয় হত্যা মামলায় সাবেক কাউন্সিলর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪২, ২৯ মার্চ ২০২৬  
গাজীপুরে কলেজছাত্র হৃদয় হত্যা মামলায় সাবেক কাউন্সিলর গ্রেপ্তার

আবুল কালাম আজাদ

গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে নিহত কলেজছাত্র মো. হৃদয় (২০) হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি গাজীপুর সিটি করপোরেশনের ১১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।

শনিবার (২৮ মার্চ) বিকেলে কোনাবাড়ি থানাধীন নছের মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গোয়েন্দা বিভাগে পাঠানো হয়।

আরো পড়ুন:

গ্রেপ্তারকৃত আবুল কালাম আজাদ কোনাবাড়ি থানার নছের মার্কেট এলাকার আব্দুল পালোয়ানের ছেলে। তিনি থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। 

নিহত হৃদয় টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার আলমগর গ্রামের লাল মিয়ার ছেলে। তিনি হেমনগর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। পড়ালেখার পাশাপাশি জীবিকার তাগিদে কোনাবাড়ি এলাকায় থেকে অটোরিকশা চালাতেন।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় কোনাবাড়ি-কাশিমপুর সড়কের শরিফ মেডিকেল সংলগ্ন এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে অবস্থান করছিলেন হৃদয়। এ সময় তিনি সরকারের বিরুদ্ধে বিভিন্ন দাবিতে স্লোগান দেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি রাস্তার পাশে সরে দাঁড়ান। এ সময় দায়িত্বে থাকা শিল্প পুলিশের কয়েকজন সদস্য তাকে আটক করে মারধর করে বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে পুলিশ কনস্টেবল আকরাম পেছন দিক থেকে গুলি করলে ঘটনাস্থলেই হৃদয়ের মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের ফুফাতো ভাই মো. ইব্রাহীম বাদী হয়ে কোনাবাড়ি থানায় হত্যা মামলা করেন। মামলায় একাধিক ব্যক্তিকে আসামি করা হয়, যার মধ্যে সাবেক কাউন্সিলর আবুল কালাম আজাদও রয়েছেন।

কোনাবাড়ি থানার পরিদর্শক (তদন্ত) মো. আসিফ ইকবাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, হৃদয় হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আবুল কালাম আজাদ কোনাবাড়ী থানাধীন কালের ভিটা এলাকায় অবস্থান করছেন। অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। 

ঢাকা/রেজাউল/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়