চট্টগ্রামের ওসিদেরকে সব পেট্রোল পাম্প তদারকির নির্দেশ
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
চট্টগ্রাম জেলার সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদেরকে (ওসি) নিজ নিজ এলাকার পেট্রোল পাম্প নিয়মিত তদারকি ও পরিদর্শনের নির্দেশ দিয়েছেন পুলিশ সুপার (এসপি) মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন। জনস্বার্থে জ্বালানি তেলের সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
পুলিশ সুপার জানিয়েছেন, পাম্পগুলোতে জ্বালানি তেলের মজুদ, বিক্রয় এবং সরবরাহ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে। কোনো ধরনের অনিয়ম, গরমিল বা তথ্য গোপনের চেষ্টা পাওয়া গেলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি বলেন, “জ্বালানি তেল অবৈধভাবে মজুদ, কৃত্রিম সংকট সৃষ্টি, অতিরিক্ত দামে বিক্রি কিংবা অপচয়ের কোনো সুযোগ দেওয়া হবে না। এসব বিষয়ে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
জ্বালানি তেল-সংক্রান্ত যেকোনো অভিযোগ দ্রুত যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে জ্বালানির সরবরাহ স্বাভাবিক রাখতে নজরদারি ও অভিযান আরো জোরদার করা হবে বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা/রেজাউল/রফিক
‘জুলাই যোদ্ধা সুরক্ষা অধ্যাদেশ’ বিল আকারে পাসের বিষয়ে ঐকমত্য: স্বরাষ্ট্রমন্ত্রী