মহেশখালীতে দুর্বৃত্তের হাত থেকে নিউজিল্যান্ডের পর্যটক উদ্ধার
কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়া চরে দুর্বৃত্তের হামলার শিকার হওয়া নিউজিল্যান্ডের পর্যটকদের তাৎক্ষণিক অভিযান চালিয়ে উদ্ধার করেছে কোস্টগার্ড।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
সুজন জানান, নিউজিল্যান্ডের নাগরিক জন এডওয়ার্ড পাডনি পরিবারের চার সদস্যসহ বিশ্বভ্রমণের উদ্দেশ্যে ২০২৪ সালে ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশে আসেন। তারা একটি কাঠের বোটের মাধ্যমে সমুদ্রপথে বিশ্বভ্রমণের উদ্যোগ নেন। বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বাংলাদেশ কোস্টগার্ড নিরাপত্তাজনিত ঝুঁকি পর্যালোচনা করে তাদের এ ধরনের সমুদ্রযাত্রা থেকে নিরুৎসাহিত করে।
একইসঙ্গে গত ১ মার্চ প্রয়োজনীয় নিরাপত্তা নির্দেশনা প্রদান করা হয়। এ সময় তাদের পাসপোর্ট পর্যালোচনায় দেখা যায়, ১৬ জানুয়ারি তাদের পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণ হয়েছে।
তিনি আরও জানান, কর্তৃপক্ষের নির্দেশনা উপেক্ষা করে তারা মহেশখালীর সোনাদিয়া চরে বোটসহ অবস্থান করছিলেন। এ অবস্থায় ৮ এপ্রিল রাতে একদল দুর্বৃত্ত তাদের ওপর অতর্কিত হামলা চালায়। সংবাদ পেয়ে বাংলাদেশ কোস্ট গার্ডের একাধিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে।
পাশাপাশি ঘটনাস্থল সংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়ে লুট হওয়া অধিকাংশ মালামাল উদ্ধার করে তাদের কাছে হস্তান্তর করা হয়। কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং অবশিষ্ট মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে।
উদ্ধারকৃত পর্যটকদের নিরাপদ হেফাজতে রাখা হয়েছে। তাদের পরবর্তী করণীয় নির্ধারণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে সমন্বয় কার্যক্রম চলমান রয়েছে। উদ্ধার পরবর্তী সময়ে জন এডওয়ার্ড পাডনি বাংলাদেশ কোস্ট গার্ডের দ্রুত ও কার্যকর পদক্ষেপের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন বলে জানিয়েছেন কোস্ট গার্ডের এ কর্মকর্তা।
ঢাকা/তারেকুর//
ছুটির দিনেও তেলের জন্য দীর্ঘ সারি