রাঙামাটিতে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম জীপতলী ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তলসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বিজিবি।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) মধ্যরাতে মারিশ্যা ব্যাটালিয়নের ২৭ বিজিবি অভিযানে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইয়াবা ও বিদেশি সিগারেটের একটি বড় চালান আটকের জন্য মারিশ্যা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদের নের্তৃত্বে বিজিবির একটি টহলদল বাঘাইছড়ির জীপতলী ব্রিজ সংলগ্ন এলাকায় অবস্থান নেয়। রাত পৌনে ১২টার দিকে ৩-৪ জন সন্দেহভাজন ব্যক্তিকে আসতে দেখে বিজিবি টহলদল তাদের চ্যালেঞ্জ করে। ওই ব্যক্তিরা পার্শ্ববর্তী পাহাড়ি এলাকায় পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় বিভিন্ন আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় অস্ত্র উদ্ধার হয়।
বিজিবির মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ জানান, বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত এলাকায় সব ধরনের চোরাচালান ও অপরাধ দমনে সর্বদা তৎপর রয়েছে। মারিশ্যা ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। দুষ্কৃতকারীরা বিভিন্ন অভিনব কৌশল অবলম্বন করায় বিজিবি গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি এবং টহল কার্যক্রম আরো জোরদার করেছে। ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
ঢাকা/শংকর/মাসুদ
কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি নিহত