ঢাকা     শুক্রবার   ১০ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৭ ১৪৩২ || ২১ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সংসদে অর্থমন্ত্রী

‘বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যেও অর্থনীতি স্থিতিশীল রাখতে কাজ করছে সরকার’

জ্যেষ্ঠ প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৩, ১০ এপ্রিল ২০২৬   আপডেট: ১৪:২২, ১০ এপ্রিল ২০২৬
‘বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যেও অর্থনীতি স্থিতিশীল রাখতে কাজ করছে সরকার’

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যেও অর্থনীতি স্থিতিশীল রাখতে কাজ করছে সরকার। বিএনপির নতুন সরকার এমন একসময়ে দায়িত্ব নিয়েছে, যখন অর্থনীতির প্রায় সব সূচকই চাপে। জনগণের আস্থা পুনর্গঠন এখন বড় চ্যালেঞ্জ। 

শুক্রবার (১০ এপ্রিল) জাতীয় সংসদে এক বিবৃতিতে অর্থ ও পরিকল্পনামন্ত্রী এ কথা বলেন। সকাল ১০টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। 

অর্থমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। এতে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল ও এলএনজির দাম দ্বিগুণেরও বেশি বেড়েছে। এর প্রভাবে সরকারকে চলতি অর্থবছরের মার্চ থেকে জুন সময়ে বিদ্যুৎ, জ্বালানি ও এলএনজি খাতে নির্ধারিত ভর্তুকির বাইরে অতিরিক্ত প্রায় ৩৬ হাজার কোটি টাকা ব্যয় করতে হবে। এতে একদিকে বাজেট ঘাটতি বাড়বে, অন্যদিকে প্রায় ৩ বিলিয়ন মার্কিন ডলারের অতিরিক্ত আমদানি ব্যয় মেটাতে বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ পড়বে।

অর্থমন্ত্রী জানান, পরিস্থিতি সামাল দিতে সরকার জ্বালানি ও বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার ওপর গুরুত্ব দিচ্ছে। সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসের সময় কমানো, দিনের আলো ব্যবহারে উৎসাহ দেওয়া, শপিংমল আগেভাগে বন্ধ রাখা এবং বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, জনগণের কষ্ট বিবেচনায় নিয়ে আপাতত জ্বালানির দাম সমন্বয় করা হচ্ছে না। একইসঙ্গে আন্তর্জাতিক বাজার থেকে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ভর্তুকির অর্থ সময়মতো ছাড় দেওয়া হচ্ছে।

বাড়তি আর্থিক চাপ সামাল দিতে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে অতিরিক্ত বাজেট সহায়তা পাওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। 

তিনি বলেন, একটি আমদানিনির্ভর অর্থনীতি হিসেবে বাংলাদেশ বৈশ্বিক এই অস্থিরতার বাইরে নয়। তবু সরকার অর্থনীতিকে সামনে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে। আগামী বাজেটে টেকসই, স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

ঢাকা/এএএম//

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়