ঢাকা     শুক্রবার   ১০ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৮ ১৪৩২ || ২২ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ট্যাংকলরি থেকে তেল চুরির সময় আটক ৫, জরিমানা 

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৪, ১০ এপ্রিল ২০২৬  
ট্যাংকলরি থেকে তেল চুরির সময় আটক ৫, জরিমানা 

খুলনায় ডিপোর মধ্যে ট্যাংকলরি থেকে অকটেন চুরির সময় ৫ জনকে হাতেনাতে আটক করা হয়েছে। 

শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) খুলনা মেট্রো কার্যালয়ের তথ্যের ভিত্তিতে পদ্মা ডিপোর মধ্যে থেকে ১০ লিটার অকটেনসহ তাদেরকে আটক করা হয়। পরে খুলনা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে সালমা খানুন তাদেরকে ১০ হাজার টাকা জরিমানা করেন। 

খুলনা জেলা প্রশাসনের মিডিয়া সেলের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার খুলনা মহানগরীর খালিশপুর থানাধীন পদ্মা ডিপোতে একটি ট্যাংকলরি (খুলনা মেট্রো-ঢ ৪১-০০৭১) থেকে মাগুরার একটি ফিলিং স্টেশনের ট্যাংকলরির চালক ইমরান, সহকারী সম্রাট, মিন্টু, রানা ও বিল্লাল ড্রামে করে অকটেন চুরি করছিল। এ সময় এনএসআই খুলনা মেট্রো কার্যালয়ের সদস্যরা হাতেনাতে তাদেরকে আটক করেন। 

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাংলাদেশ মেট্রোলিয়াম আইন ২০১৬ এর ২০ এর ১ ধারা মোতাবেক তাদেরকে জরিমানা করা হয়। একইসঙ্গে তেল জব্দ করা হয়। অভিযানকালে খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপংকর দাশ উপস্থিত ছিলেন। 

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে সালমা খানুন বলেছেন, “ডিপোর মধ্যে এবং ডিপো-সংলগ্ন স্থানে কয়েক দিনের ব্যবধানে একই ঘটনার পুনরাবৃত্তি করায় পদ্মা অয়েলের দৌলতপুর ডিপোর ব্যবস্থাপককে সতর্ক করা হয়েছে এবং অপরাধপ্রবণ স্থানগুলোতে নজরদারি জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে।”

ঢাকা/নূরুজ্জামান/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়