মানসম্মত শিক্ষা দেশের অগ্রগতির চালিকাশক্তি: আমান এমপি
কেরানীগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম
ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান বলেছেন, “মানসম্মত শিক্ষা দেশের উন্নয়ন ও অগ্রগতির মূল চালিকাশক্তি। মানসম্মত শিক্ষার মাধ্যমে আলোকিত ও সমৃদ্ধ ভবিষ্যত গড়ে তোলা সম্ভব।”
শনিবার (১১ এপ্রিল) দুপুরে কেরানীগঞ্জ উপজেলার তাড়ানগর ইউনিয়নে আটি ভাওয়াল উচ্চ বিদ্যালয় মাঠে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে আমানউল্লাহ আমান বলেন, “শিক্ষার্থীদের নৈতিকতা, দেশপ্রেম ও আদর্শিক মূল্যবোধে গড়ে তুলতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত জাতীয় সংগীত পরিবেশন এবং শিক্ষার পরিবেশ উন্নত করা অত্যন্ত জরুরি।” তিনি মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলার নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, কেরানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মো. শামীম হাসান, সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অলিউল্লাহ সেলিমসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের নৈতিকতা, দেশপ্রেম ও শিক্ষার প্রতি আরো মনোযোগী হওয়ার আহ্বান জানান। আলোচনা সভার পরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ঢাকা/শিপন/রফিক
কুষ্টিয়ায় আস্তানায় হামলা-আগুন, কথিত পীর নিহত