ঢাকা     রোববার   ১২ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৯ ১৪৩২ || ২৩ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

খুলনা বিভাগে হাম উপসর্গের রোগী হাজার ছাড়িয়েছে, মৃত্যু ১০

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৩, ১১ এপ্রিল ২০২৬  
খুলনা বিভাগে হাম উপসর্গের রোগী হাজার ছাড়িয়েছে, মৃত্যু ১০

খুলনায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন এক শিশু শনিবার (১১ এপ্রিল) সকালে হাসপাতালে ভর্তি হওয়ার কয়েক ঘণ্টা পরেই মারা গেছে। এ নিয়ে খুলনা বিভাগে হামের উপসর্গ নিয়ে ১০ জন মারা গেছেন। তাদের মধ্যে আটজন কুষ্টিয়ায় এবং দুজন খুলনায় মারা গেছেন। 

খুলনা বিভাগের ১০ জেলা জুড়ে হাম উপসর্গের রোগীর সংখ্যা পৌঁছেছে ১ হাজার ৯৫ জনে। বর্তমানে ৭৯৯ জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বাকি রোগীরা সুস্থ হয়েছেন। 

খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল (কেএমসিএইচ) সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ২টার দিকে হাসপাতালের হাম আইসোলেশন সেন্টারে চাঁন নামে দুই বছর বয়সী এক শিশু মারা গেছে। হাসপাতালের শিশু বিভাগের প্রধান ডা. সৈয়দা রুখসানা পারভিন মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

ভর্তি রেজিস্টার অনুযায়ী, ২৩ মাস বয়সী শিশুটিকে শনিবার সকাল ১১টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সে ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার বাসিন্দা গোলাম রসুল ও ইয়াসমিন বেগমের ছেলে। চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

ডা. সৈয়দা রুখসানা পারভিন জানিয়েছেন, শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। সে অপুষ্টিতে ভুগছিল। গত ২৩ মাস ধরে একাধিক টিকা পাওয়ার যোগ্য হওয়া সত্ত্বেও শিশুটিকে কোনো টিকা দেওয়া হয়নি।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. মুজিবুর রহমান জানিয়েছেন, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত মোট ৫১ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ জন বাগেরহাটের, ২৪ জন যশোরের, ৮ জন ঝিনাইদহের, ৬ জন খুলনার, ৩ জন কুষ্টিয়ার, ৫ জন মাগুড়ার এবং ৪ জন নড়াইলের। এ সময়ে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও সাতক্ষীরায় কোনো হামের রোগী শনাক্ত হয়নি।

স্বাস্থ্য কর্মকর্তারা হাম রোগীর ক্রমবর্ধমান সংখ্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। রোগটির বিস্তার রোধে শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

ঢাকা/নূরুজ্জামান/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়