সাংগঠনিক কর্মসূচির সিদ্ধান্ত
স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি
স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি। এছাড়া আগামী মাসে কেন্দ্রীয় বিশেষ প্রতিনিধি সভার মধ্য দিয়ে রাজধানী ঢাকাসহ সারা দেশে সাংগঠনিক কর্মসূচি জোরদার করবে দলটি।
শনিবার (১১ এপ্রিল) রাজধানীর গুলশান-২ এ জাতীয় পার্টির চেয়ারম্যানের বাসভবনে অনুষ্ঠিত পার্টির প্রেসিডিয়াম সভায় এসব সিদ্ধান্ত হয়।
সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক পররাষ্ট্রমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। সূচনা বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এ বি এম রুহুল আমিন হাওলাদার।
প্রেসিডিয়াম সভায় সভাপতির বক্তব্যে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহামুদ দেশের জ্বালানি সংকট নিরসন ও দ্রব্যমূল্য ঊর্ধগতি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সরকারের নিকট আহ্বান জানান।
এছাড়া সারা দেশে শিশুদের হামের টিকা দেওয়ায় ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর রাজধানী ঢাকা শহরসহ সারা দেশে জাতীয় পার্টির নেতাকর্মী, সাংবাদিক, পেশাজীবী, ব্যবসায়ী ও নিরীহ সাধারণ মানুষের নামে মিথ্যা ও হয়রানিমূলক হত্যাসহ বিভিন্ন ধারায় যেসব মামলা হয়েছে, সে মামলা দ্রুত প্রত্যাহার করার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আহ্বান জানান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।
দলকে তৃণমূল পর্যায়ে সু-সংগঠিত করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণের কথা জানিয়ে এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন, “পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের উন্নয়ন কর্মকাণ্ড মানুষের মাঝে ছড়িয়ে দিতে পারলে অবশ্যই দেশের মানুষ আবারো জাতীয় পার্টির রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসবে। তবে তার আগে দলকে ঐক্যবদ্ধভাবে সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে।”
এ সময় তিনি সন্ত্রাসী কর্মকাণ্ডসহ চাঁদাবাজি বন্ধে আরো কঠোর ব্যবস্থা গ্রহণ করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান।
বক্তব্য রাখেন পার্টির নির্বাহী চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু, সিনিয়ার কো-চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কাজী ফিরোজ রশিদ, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, সাহিদুর রহমান টেপা, জহিরুল ইসলাম জহির, মোস্তফা আল মাহমুদ।
উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য ও চেয়ারম্যানের বিশেষ সহকারী নাসরিন জাহান রত্না, আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত মাসরুর মাওলা, নাজমা আক্তার, মো. জসিম উদ্দিন ভুইয়া, আরিফুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক নুরুল ইসলাম মিলন, সরদার শাজাহান, জাহাঙ্গীর হোসেন মানিক, ফখরুল আহসান শাহজাদা, মো. বেলাল হোসেন, চিফ হুইফ নুরুল ইসলাম ওমর, আমানত হোসেন আমানত, জাহাঙ্গীর আলম পাঠান, শাহ জামাল রানা, শেখ মাতলুব হোসেন লিয়ন, নাজনীন সুলতানা, এইচ এম গোলাম রেজা।
ঢাকা/নঈমুদ্দীন/এসবি
মুখ্যমন্ত্রী হিসেবে বিজয়ের শপথ রবিবার