ঝালকাঠিতে দুর্বৃত্তের হামলায় একজন নিহত
ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
ঝালকাঠির নলছিটিতে দুর্বৃত্তের হামলায় ইকবাল হোসেন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
রবিবার (১২ এপ্রিল) রাত ১০টার দিকে স্থানীয় খাগড়াখানা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে তার ওপর হামলা হয়।
নিহত ইকবাল উপজেলার নাচনমহল ইউনিয়নের খাগড়াখানা গ্রামের আজহার আলী হাওলাদারের ছেলে।
পরিবার ও স্থানীয়রা জানান, ইকবাল কয়েকবছর ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন। রবিবার রাতে দুর্বৃত্তরা তাকে খাগড়াখানা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পিটিয়ে ও কুপিয়ে ফেলে রাখে। স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডেকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নলছিটি থানার ওসি (তদন্ত) আশরাফ আলী জানান, এক ব্যক্তিকে কুপিয়ে ফেলে রাখার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ঢাকা/অলোক/মাসুদ