ঢাকা     সোমবার   ১৩ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ৩০ ১৪৩২ || ২৪ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বার্জার পেইন্টস রাইটের অর্থ ব্যবহারের সময়সীমা বেড়েছে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৫, ১৩ এপ্রিল ২০২৬  
বার্জার পেইন্টস রাইটের অর্থ ব্যবহারের সময়সীমা বেড়েছে

পুঁজিবাজারের প্রকৌশল খাতে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থ ব্যবহারের সময়সীমা বাড়ানো হয়েছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানিটির জন্য এ অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সোমবার (১৩ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি সূত্রে জানা গেছে, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড ২০২৫ সালের ২০ আগস্ট রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে বাজার থেকে উল্লেখযোগ্য পরিমাণ মূলধন সংগ্রহ করে। ওই তহবিল নির্ধারিত প্রকল্প ও ব্যবসায়িক সম্প্রসারণে ব্যবহারের কথা থাকলেও নির্ধারিত সময়ের মধ্যে সম্পূর্ণ অর্থ ব্যবহার করা সম্ভব হয়নি।

এই পরিস্থিতিতে কোম্পানিটি তহবিল ব্যবহারের সময়সীমা বাড়ানোর জন্য নিয়ন্ত্রক সংস্থার কাছে আবেদন করে। আবেদনের পরিপ্রেক্ষিতে বিষয়টি পর্যালোচনা করে বিএসইসি অর্থ ব্যবহারের সময়সীমা ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত বাড়ানোর অনুমোদন দেয়।

নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন অনুযায়ী, রাইট শেয়ার থেকে সংগৃহীত অর্থ নির্ধারিত খাতে ব্যয়ের জন্য নতুন সময়সীমা অনুযায়ী পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবে কোম্পানিটি।

বার্জার পেইন্টস বাংলাদেশ ১:১ হারে (বিদ্যমান একটি শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার) রাইট শেয়ার ইস্যু করে। অভিহিত মূল্য ১০ টাকা হারে মোট ২৭ লাখ ২৮ হাজার ১১১টি সাধারণ শেয়ার। প্রতিটি শেয়ার ১ হাজার ১১০ টাকায় (শেয়ারপ্রতি ১ হাজার ১০০ টাকা হারে প্রিমিয়ামসহ) ইস্যু করা হয়।

কোম্পানিটি প্রাথমিকভাবে উদ্যোক্তা, পরিচালক ও ৫ শতাংশ বা তার অধিক শেয়ারধারীরা রাইট শেয়ার পরিত্যাগ করার পর মোট ৩০২ কোটি ৮২ লাখ ৩ হাজার ২১০ টাকা মূলধন সংগ্রহ করে। এই অর্থ চট্টগ্রামের মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে তৃতীয় কারখানা স্থাপন ও রাইট ইস্যুর ব্যয় মেটাতে ব্যবহৃত হবে।

রাইট শেয়ার ইস্যু ব্যবস্থাপকের দায়িত্ব পালন করে আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেড। ২০২৫ সালের ১৫ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত কোম্পানিটির রাইট শেয়ার ইস্যুর জন্য আবেদন গ্রহণ করা হয়।

ঢাকা/এনটি/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়