ঢাকা     সোমবার   ১৩ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ৩০ ১৪৩২ || ২৪ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঈদযাত্রায় যুক্ত হচ্ছে ‘রইদ’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৯, ১৩ এপ্রিল ২০২৬  
ঈদযাত্রায় যুক্ত হচ্ছে ‘রইদ’

সংবাদ সম্মেলনের দৃশ্য

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়ানোর পর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে মেজবাউর রহমান সুমন নির্মিত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রইদ’। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সারাদেশে সিনেমাটির মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। 

রাজধানীর নিকেতনে ফেসকার্ড প্রোডাকশনের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সিনেমাটির প্রথম গান প্রকাশের ঘোষণা আসে। একই সঙ্গে জানানো হয় মুক্তির তারিখও। 

আরো পড়ুন:

‘রইদে আইলা গা জুড়াইতে’ শিরোনামের গানটির কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন রাজীব আহমেদ রাজু। সংগীত পরিচালনা, চূড়ান্ত প্রযোজনা, মিক্সিং ও মাস্টারিং করেছেন রাশীদ শরীফ শোয়েব। সার্বিক অডিও প্রোডাকশনের দায়িত্বে ছিল ‘স্টুডিও কাউবেল’। 

পরিচালক মেজবাউর রহমান সুমন বলেন, “রইদ’ মূলত এক সাধু ও তার পাগল স্ত্রীর সম্পর্কের সরল অথচ গভীর গল্প। প্রেম ও নীরবতার ভেতর দিয়ে এখানে মানুষের আদিম অনুভূতির এক অনন্য প্রকাশ রয়েছে। আশা করছি, গানের মতোই গল্পটিও দর্শকের হৃদয়ে ছাপ ফেলবে এবং ঈদে তাদের ভালোবাসা পাবে।” 

গানটি নিয়ে শিল্পী রাজীব আহমেদ রাজু বলেন, “এটি আমার জন্য ভিন্নধর্মী অভিজ্ঞতা। আগে নাম এসেছে, পরে গান তৈরি হয়েছে। পরিচালক গল্প না বলে তার ভাবনা ও অনুভূতি শেয়ার করেছিলেন—সেখান থেকেই প্রায় দুই বছর আগে গানটির জন্ম।” 

সিনেমাটির ‘পাগলি’ চরিত্রে অভিনয় করেছেন নাজিফা তুষি বলেন, “এই সিনেমার যাত্রা আমার জন্য খুবই আবেগের। কোভিডের আগ থেকে পরিকল্পনা, দীর্ঘ প্রস্তুতি, সিলেটে শূন্য থেকে একটি লোকেশন তৈরি—সবকিছুর সঙ্গে আমি যুক্ত ছিলাম। ‘পাগলি’ চরিত্রে অভিনয় করতে গিয়ে স্থানীয় মানুষও আমাদের টিমের অংশ হয়ে উঠেছিলেন। এতদিনের সেই আবেগ এখন দর্শকের কাছে পৌঁছে দেওয়ার মুহূর্ত—এটা সত্যিই বিশেষ অনুভূতি।” 

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যামাড’-এর মূল প্রতিযোগিতা বিভাগ ‘টাইগার কম্পিটিশন’-এ অফিশিয়ালি নির্বাচিত হয়েছিল ‘রইদ’। 

দেশের শীর্ষস্থানীয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গ এবং ফেসকার্ড প্রোডাকশনের যৌথ প্রযোজনায় নির্মিত ‘রইদ’ আগামী ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়