শিরোপা দৌড়ে আগুন, আর্সেনাল ম্যাচকেই ‘ফাইনাল’ বলছেন গার্দিওলা
প্রিমিয়ার লিগের শিরোপা লড়াই জমে উঠেছে চরম উত্তেজনায়। চেলসির মাঠে ৩-০ গোলের জয়ের পর ম্যানচেস্টার সিটি এখন শীর্ষে থাকা আর্সেনাল-এর খুব কাছাকাছি। এই পরিস্থিতিতে আগামী সপ্তাহের মুখোমুখি লড়াইকে সরাসরি “ফাইনাল” হিসেবে আখ্যা দিলেন কোচ পেপ গার্দিওলা।
স্ট্যামফোর্ড ব্রিজে দ্বিতীয়ার্ধে দুর্দান্ত পারফরম্যান্সে গোল করেন নিকো ও’রাইলি, মার্ক গেহি ও জেরেমি দকু। এই জয়ে সিটির সঙ্গে আর্সেনালের ব্যবধান নেমে এসেছে ৬ পয়েন্টে, তাও আবার এক ম্যাচ কম খেলেছে তারা।
অন্যদিকে, বোর্নমাউথের কাছে ২-১ গোলে হেরে চাপ বেড়েছে আর্সেনালের ওপর। এখন সিটি যদি বাকি ৭ ম্যাচে সবগুলো জিতে নেয়, তাহলে শিরোপা তাদের হাতেই উঠতে পারে।
গার্দিওলা বলেন, “আর্সেনালের বিপক্ষে ম্যাচটা এখন ফাইনাল। কিন্তু এটাও মনে রাখতে হবে, সামনে আরও কঠিন ম্যাচ আছে।”
তিনি আর্সেনালের প্রশংসা করে বলেন, “ওরা অসাধারণ দল। ৪৯ ম্যাচে মাত্র ৩টি হার, ইউরোপেও অপরাজিত। এই দলকে হারানো খুব কঠিন- কয়েক সপ্তাহের মধ্যে দুইবার হারানো আরও কঠিন।”
তার মতে, এই মৌসুমে ইংল্যান্ড ও ইউরোপে এখন পর্যন্ত সেরা দল আর্সেনালই।
চেলসির বিপক্ষে জয়ে বড় ভূমিকা রাখেন তরুণ মিডফিল্ডার রায়ান শেরকি। তার তৈরি করা সুযোগ থেকেই আসে প্রথম দুই গোল।
গার্দিওলা বলেন, “রায়ান অসাধারণ প্রতিভা। তবে তাকে আরও উন্নতি করতে হবে। তার জায়গা হওয়া উচিত আক্রমণের তৃতীয় অংশে, যেখানে সে সবচেয়ে বেশি প্রভাব ফেলতে পারে।”
প্রথম মৌসুমেই ১০টি অ্যাসিস্ট করে নিজের সামর্থ্য দেখিয়েছেন এই তরুণ, আর তার উন্নতি ভবিষ্যতে সিটির জন্য বড় সম্পদ হয়ে উঠতে পারে।
এখন সব চোখ সিটি-আর্সেনাল ম্যাচের দিকে। দুই দলের কাছেই ম্যাচটি প্রায় ‘ফাইনাল’- যে জিতবে, শিরোপার পথে বড় সুবিধা পাবে।
শেষ কয়েকটি ম্যাচে সামান্য ভুলই বদলে দিতে পারে পুরো মৌসুমের গল্প। তাই উত্তেজনার পারদ এখন তুঙ্গে- শিরোপার ভাগ্য নির্ধারণের মঞ্চ প্রস্তুত।
ঢাকা/আমিনুল
হামসহ শিশুদের টিকা নিয়ে দুদকে অভিযোগ: অধ্যাপক ইউনূস ও সাবেক উপদেষ্টা নূরজাহানের বিরুদ্ধে তদন্ত দাবি