মেহেরপুরে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
মেহেরপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম
মেহেরপুর সদর উপজেলায় ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় রিগান হোসেন (৩৫) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) মেহেরপুর শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় দেন। রিগান হোসেন সদর উপজেলার তেরোঘরিয়া উত্তর পাড়া গ্রামের আবুল কালামের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ১৫ মার্চ চকলেট দেওয়ার লোভ দেখিয়ে শিশুটিকে ধর্ষণ করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর চাচা বাদী হয়ে মামলা করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এই রায় ঘোষণা করেছেন।
মেহেরপুর শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) মুস্তাফিজুর রহমান তুহিন এসব তথ্য নিশ্চিত করেছন।
ঢাকা/মেহেরপুর/রাজীব