ঢাকা     সোমবার   ১৩ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ৩০ ১৪৩২ || ২৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

প্রধানমন্ত্রী কথায় নয়, কাজে বিশ্বাসী: পানিসম্পদ প্রতিমন্ত্রী

পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৪, ১৩ এপ্রিল ২০২৬  
প্রধানমন্ত্রী কথায় নয়, কাজে বিশ্বাসী: পানিসম্পদ প্রতিমন্ত্রী

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে সবুজায়ন করার উদ্যোগ নিয়েছেন। তিনি কথায় নয়, কাজে বিশ্বাসী।”

সোমবার (১৩ এপ্রিল) পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের গেদিপাড়া এলাকায় ছেতনাই খাল খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, “ছেতনাই খালে এক সময় প্রচুর পানি ও মাছ ছিল। যা এ অঞ্চলের মানুষের চাষাবাদ ও আমিষের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত। তবে বর্তমানে খালটি মৃতপ্রায় হয়ে পড়েছে।”

তিনি বলেন, “নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী, ২০ হাজার কিলোমিটার নদী, খাল ও জলাশয় খনন, পুনঃখনন ও পুনরুদ্ধার করা হবে। এ সব জলাশয় পুনরুদ্ধারের মাধ্যমে পানি সংরক্ষণ করে দেশের কৃষি উৎপাদন বাড়িয়ে বাংলাদেশকে আবারো সুজলা-সুফলা করে তোলার পরিকল্পনা রয়েছে।”

ফরহাদ হোসেন আজাদ বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৭ সালে খাল খনন কর্মসূচির মাধ্যমে স্বল্প সময়ে দেশে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন ও খাদ্য রপ্তানির সক্ষমতা তৈরি করেছিলেন।”

পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় পানিসম্পদ, কৃষি, এলজিইডি ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সমন্বয়ে খাল, নদী ও জলাশয় পুনঃখননে একটি সমন্বিত মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। এ পরিকল্পনার আওতায় নিয়মিত খাল ও জলাশয় পুনঃখননের কাজ চলছে।”

তিনি বলেন, “নির্বাচনি ইশতেহার অনুযায়ী, ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। খালের পাড়ে মাছ চাষ ও হাঁস পালন সুবিধা গড়ে তোলার মাধ্যমে স্থানীয়দের পুষ্টি চাহিদা পূরণ এবং অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।”

ফরহাদ হোসেন আজাদ বলেন, “খাল খনন প্রকল্পে প্রায় এক হাজার শ্রমিকের কর্মসংস্থান হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, খননকাজে ৬০ শতাংশ শ্রমিক, কৃষক ও শিক্ষার্থীকে সম্পৃক্ত করা হবে। এতে একদিকে কর্মসংস্থান সৃষ্টি হয়, অন্যদিকে সবার আন্তরিকতা বাড়বে।”

ঢাকা/নাঈম/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়