ঢাকা     বুধবার   ২৯ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১৬ ১৪৩৩ || ১২ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নদে পানির গভীরতা মাপতে গিয়ে নিখোঁজ পাউবো কর্মীর লাশ উদ্ধার

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৪, ২৯ এপ্রিল ২০২৬  
নদে পানির গভীরতা মাপতে গিয়ে নিখোঁজ পাউবো কর্মীর লাশ উদ্ধার

ময়মনসিংহের ফুলপুরে কংস নদের পানির গভীরতা পরিমাপ করতে গিয়ে নিখোঁজ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মী আব্দুল হালিমের (৫৮) মরদেহ ভেসে উঠেছে।

বুধবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার ফুলপুর ইউনিয়নের ঠাকুরবাহাই গ্রামের কংস নদে মরদেহটি ভেসে উঠে। এর আগে, সোমবার সকালে নদের পানির গভীরতা মাপতে গিয়ে তিনি নিখোঁজ হন।

আরো পড়ুন:

আব্দুল হালিম ফুলপুর উপজেলার ফুলপুর ইউনিয়নের ঠাকুরবাহাই গ্রামের আব্দুল মজিদের ছেলে। তিনি পাউবোতে মাস্টাররোলে ডেপথ রিডার হিসেবে কাজ করতেন।

ফায়ার সার্ভিস জানায়, গত সোমবার সকাল ৭টায় আব্দুল হালিম বাড়ির পাশে কংস নদে পানির গভীরতা মাপতে গিয়ে নিখোঁজ হন। খবর পেয়ে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযানে অংশ নেয়। তবে, তার খোঁজ মেলেনি।

বুধবার বেলা সাড়ে ৩টার দিকে নিখোঁজ স্থান থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে তার মরদেহ ভেসে উঠে। স্থানীয়রা ভাসমান মরদেহ দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়।

ফুলপুর ফায়ার স্টেশনের ইনচার্জ লুৎফর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

ঢাকা/মিলন/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়