গোপালগঞ্জে চাকরির নামে অর্থ আত্মসাৎ, অভিযুক্তের উল্টো দাপট
গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
গোপালগঞ্জ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে সরকারি চাকরি এবং রিলিফের কার্ড পাইয়ে দেওয়ার নামে অসহায় গ্রামবাসীদের কাছ থেকে টাকা আত্মসাৎ ও জালিয়াতির অভিযোগ উঠেছে এক প্রতারকের বিরুদ্ধে।
অভিযুক্ত ব্যক্তির নাম মনোজ কুমার বালা। তিনি দুর্গাপুর ইউনিয়নে ছোট ডোমরাসুর গ্রামের মনিন্দ্রনাথ বালা ওরফে মরণ বালার ছেলে।
বৃহস্পতিবার (২১ মে) সকালে ডোমরাসুরে ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে মনোজের বিরুদ্ধে উল্লিখিত অভিযোগ তোলা হয়। এ সময় মনোজের বাবা এবং ছোট ভাই মিঠুন বালা উপস্থিত ছিলেন এবং তারাও ভুক্তভোগী বলে জানান।
সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলা হয়, মনোজ দীর্ঘদিন এলাকার সহজ-সরল ও অসহায় মানুষকে সরকারি চাকরি এবং বিভিন্ন ধরনের কার্ড পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে আসছিলেন। তার এই ফাঁদে পা দিয়ে এলাকার অনেক মানুষ তাদের কষ্টার্জিত টাকা তার হাতে তুলে দিয়েছেন। কিন্তু পরবর্তীতে চাকরি বা রিলিফের কার্ড কোনোটিই না দিয়ে মনোজ সম্পূর্ণ টাকা আত্মসাৎ করেন।
সংবাদ সম্মেলনে হারাধন বেরাগী, লেবু বাইন, রত্না মল্লিক, মহাদেব বেরাগী, আব্দুর সাত্তার মোল্লাসহ কয়েকজন ভুক্তভোগী জানান, মনোজের কাছে টাকা ফেরত চাইলে বা এই প্রতারণার প্রতিবাদ করলে সে উল্টো হুমকি দিচ্ছে। এলাকার গণ্যমান্য ও স্থানীয় সম্মানিত ব্যক্তিদের জানালে মনোজ তাদের বিরুদ্ধেও বিভিন্ন ধরনের মিথ্যা অপপ্রচার ও বিভ্রান্তি ছড়াচ্ছে। নিজের অপরাধ ঢাকতেই মনোজ এই বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করছে বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।
মনোজের এসব অপকর্মের বিরুদ্ধে ধানায় মামলা করা হয়েছে বলেও গ্রামবাসীরা জানান। তারা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে মনোজের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ প্রসঙ্গে জানতে মনোজের মোবাইল ফোনে একাধিকবার কল করেও কথা বলা যায়নি।
ঢাকা/বাদল//
এক মাসের মধ্যে রামিসা হত্যার বিচার হবে: প্রধানমন্ত্রী