ঢাকা     শনিবার   ০৬ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৩ ১৪৩৩ || ২০ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

রোহিঙ্গাদের মানবিক সহায়তা অব্যাহত রাখার আশ্বাস তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৮, ৬ জুন ২০২৬   আপডেট: ০৮:২৯, ৬ জুন ২০২৬
রোহিঙ্গাদের মানবিক সহায়তা অব্যাহত রাখার আশ্বাস তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শরণার্থী শিবির শুক্রবার পরিদর্শন করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।

তিনি বলেছেন, “রোহিঙ্গা সংকটের শুরু থেকেই তুরস্ক বাংলাদেশ ও রোহিঙ্গাদের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও এই সহায়তা চলমান থাকবে।”

আরো পড়ুন:

শুক্রবার (৫ জুন) বিকেলে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

শরণার্থীদের সঙ্গে মতবিনিময়কালে হাকান ফিদান বলেন, “আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে রোহিঙ্গা সংকটের একটি স্থায়ী সমাধান সম্ভব।” 

তিনি আশা প্রকাশ করেন, একদিন রোহিঙ্গারা তাদের সম্মান, নিরাপত্তা ও নাগরিকত্বের অধিকার নিয়ে নিজ দেশ মিয়ানমারে ফিরে যেতে পারবেন।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান জানান, শুক্রবার বিকেল ৩টার দিকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজার বিমানবন্দর থেকে সরাসরি উখিয়ার শরণার্থী শিবিরে যান। এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন।

পরিদর্শনের শুরুতে হাকান ফিদান উখিয়ার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে তুরস্কের সহায়তায় পরিচালিত একটি ফিল্ড হাসপাতালের কার্যক্রম ঘুরে দেখেন। সেখানে চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন এবং হাসপাতালের চিকিৎসক ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছ থেকে স্বাস্থ্যসেবার বিভিন্ন দিক সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি রোহিঙ্গাদের জীবনযাত্রা, স্বাস্থ্যসেবা ও অন্যান্য সমস্যার বিষয়েও জানতে চান।

এরপর তিনি ১৬ ও ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। সেখানে তুরস্কের সহায়তায় পরিচালিত বিভিন্ন চিকিৎসা ও মানবিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে ক্যাম্পগুলোর সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত হন।

রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তা অব্যাহত রাখা এবং তাদের নিরাপদ ও স্বেচ্ছাপ্রণোদিত প্রত্যাবাসনের বিষয়ে তুরস্কের অবস্থানও এ সময় পুনর্ব্যক্ত করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী।

ঢাকা/তারেকুর/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়