বিএসএফের পুশইন চেষ্টা
বড়বাড়ি সীমান্তে আটকে ১০ জন, সারাদিনেও মেলেনি সমাধান
পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম
পঞ্চগড়ের হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি সীমান্ত দিয়ে ১০ জনকে ঠেলে পাঠানো চেষ্টা করে বিএসএফ।
পঞ্চগড়ের সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইনের চেষ্টা করা ১০ জনকে নিয়ে সারাদিনেও কোনো সমাধান মেলেনি। বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে অনুষ্ঠিত পতাকা বৈঠকেও বিষয়টির নিষ্পত্তি না হওয়ায় ওই নারী-পুরুষরা ভারতীয় সীমান্তে অবস্থান করছেন।
বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার (৫ জুন) মধ্যরাতে বড়বাড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৭৫৮/৫-এর নিকট বিএসএফের ৯৩ টিয়াপাড়া ক্যাম্প ১০ জন নারী ও পুরুষকে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করে। ওই নারী-পুরুষরা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করলে বিজিবির একটি টহলদল বাধা দেয়। ফলে পুশইনের চেষ্টা ব্যর্থ হয়।
আরো পড়ুন: পঞ্চগড় সীমান্তে ১০ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা
বিজিবির বাধার মুখে বিএসএফ সদস্যরা ঠেলে দেওয়া নারী-পুরুষদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়। তারা সীমান্তের ভারতীয় অংশে, শূন্যরেখা থেকে প্রায় ২০ গজ দূরে অবস্থান করছেন। এ ঘটনায় বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কোনো সমাধান না হওয়ায় পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি।
৫৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সিরাজুল ইসলাম জানান, পুশইনের মাধ্যমে কাউকে বাংলাদেশ গ্রহণ করবে না বলে বিএসএফকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। আন্তর্জাতিক নিয়ম ও প্রচলিত প্রক্রিয়া অনুসরণ না করে কাউকে সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠানোর সুযোগ নেই বলেও তিনি উল্লেখ করেন।
বিজিবির এ কর্মকর্তা জানান, সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবির সদস্যরা সতর্ক অবস্থানে আছেন। সব ধরণের পরিস্থিতি মোকাবিলা করতেও প্রস্তুত তারা।
ঢাকা/নাঈম/মাসুদ
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ১৮ কি.মি যানজট