ঢাকা     সোমবার   ২৫ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১১ ১৪৩৩ || ৮ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা আহত

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৪, ২৫ মে ২০২৬  
উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা আহত

ফাইল ফটো

কক্সবাজারের উখিয়ার সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন এলাকায় স্থলমাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবক আহত হয়েছেন। সোমবার (২৫ মে) সকালে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালির ওপারে মিয়ানমারের ডেকুবুনিয়া এলাকায় ঘটনাটি ঘটে।

আহত যুবকের নাম মোহাম্মদ সালমান হোসেন (২৮)। তিনি উখিয়ার ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মো. নিজামত আলীর ছেলে।

আরো পড়ুন:

ক্যাম্পের রোহিঙ্গা নেতা মৌলভী জুবাইর জানান, সোমবার সকালে বালুখালী কাটাপাহাড় সীমান্তের ওপারে যান সালমান। সেখানে স্থলমাইন বিস্ফোরণের শিকার হন তিনি। তার এক পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়। অন্য রোহিঙ্গাদের সহযোগিতায় তাকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নেওয়া হয়।

পালংখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী জানান, সীমান্তে মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবক আহত হওয়ার খবর পাওয়া গেছে। অধিকাংশ ক্ষেত্রে রোহিঙ্গারা মিয়ানমার থেকে মাদক আনতে সীমান্ত অতিক্রম করে বলে অভিযোগ রয়েছে। অবৈধ কার্যক্রম ছাড়া তাদের সীমান্তের ওপারে যাওয়ার তেমন কারণ নেই বলেও মন্তব্য করেন তিনি।

উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম জানান, সোমবার সকাল ৯টা ৫ মিনিটের দিকে বালুখালী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার শূন্যরেখা থেকে প্রায় ২৫০ গজ মিয়ানমারের অভ্যন্তরে ডেকুবুনিয়া এলাকায় মাইন বিস্ফোরণ ঘটে। এতে এফডিএমএন ক্যাম্প-১০-এর ব্লক জি/৯-এর বাসিন্দা মো. সালমান আহত হন।

তিনি জানান, আহত সালমান পরে মিয়ানমার থেকে শূন্যরেখা অতিক্রম করে নাফ নদী সাঁতরে বিজিবির কাটাপাহাড় পোস্টের সামনে এসে পৌঁছান। সেখান থেকে বিজিবি সদস্য ও স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কুতুপালংয়ের একটি হাসপাতালে পাঠানো হয়। সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।

ঢাকা/তারেকুর/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়