নড়াইলে দুপক্ষের সংর্ঘষে আহত ১২, বাড়িঘর-দোকান ভাঙচুর
নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ছবি: সংগৃহীত
নড়াইলের কালিয়া উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধ এবং গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। এসময় ৭টি বাড়িঘর ও দোকান ভাঙচুরের অভিযোগ উঠেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
সোমবার (১৫ জুন) সকালে এবং রবিবার (১৪ জুন) বিকেলে কালিয়া উপজেলার সাতবাড়িয়া গ্রামে দুই দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, কালিয়া উপজেলার সাতবাড়িয়া গ্রামের সাইফুল ফরাজী ও রুহুল ফরাজীর মধ্যে গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে রবিবার বিকেলে রুহুল ফরাজীর লোকজনের সঙ্গে সাইফুল ফরাজী সমর্থকদের মধ্যে দা, লাঠিসোটা, ইটপাটকেল নিয়ে সংঘর্ষে হায়দার, আলিম, আতিয়ার, সোহাগসহ ৭ জন আহত হয়েছেন। এসময় বাড়িঘর ও দোকান ভাঙচুর করা হয়।
সোমবার (১৫ জুন) সকালে আবারো দুপক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষে ফরিদ, কামাল, আনিসুর, মরিয়াম বেগমসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের কালিয়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে অভিযোগ করে রুহুল ফরাজী বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষ সাইফুল ফরাজীর লোকজন আমাদের লোকজনের ওপরই হামলা চালিয়েছে। তারা পাঁচজনকে কুপিয়ে আহত এবং বাড়িঘর ও দোকান ভাঙচুর করেছে।
এ ব্যাপারে সাইফুল ফরাজীর সঙ্গে একাধিক বার যোগাযোগ করে তার বক্তব্য পাওয়া যায়নি।
নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রকিবুল হাসান বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধে সাইফুল ফরাজী ও রুহুল ফরাজীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ঢাকা/শরিফুল/ফিরোজ