জাকসুর উদ্যোগে জাবিতে ইফতার মাহফিল
জাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
পবিত্র মাহে রমজান উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) উদ্যোগে হল সংসদ নেতারা ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অংশীজনদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আলবেরুনী ও শহীদ সালাম-বরকত হল সংলগ্ন নতুন মাঠে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, হলগুলোর প্রভোস্ট, শিক্ষকরা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী প্রতিনিধি এবং বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা অংশগ্রহণ করেন।
জাকসুর সহ-সভাপতি (ভিপি) আব্দুর রশিদ জিতু বলেন, “রমজান আত্মসংযম, সহমর্মিতা ও আত্মশুদ্ধির এক অনন্য শিক্ষা দেয়। এই পবিত্র মাসে একসঙ্গে ইফতার করা শুধু ধর্মীয় আচার পালনের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও মানবিক বন্ধনকে আরো দৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ।”
তিনি আরো বলেন, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন এবং হল সংসদের নেতাকর্মীদের অংশগ্রহণে আজকের এই আয়োজন একটি সুন্দর মিলনমেলায় পরিণত হয়েছে। এই আয়োজন বিশ্ববিদ্যালয় পরিবারের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও ঐক্যের বন্ধনকে আরও শক্তিশালী করবে।”
ঢাকা/আহসান/জান্নাত