ঢাকা     মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬ ||  চৈত্র ১১ ১৪৩২ || ৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

চুয়েট শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন করে সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক,  চট্টগ্রাম  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৮, ২৩ এপ্রিল ২০২৪  
চুয়েট শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন করে সড়ক অবরোধ

কাপ্তাই সড়কে দ্রুতগামি বাসের চাপায় মোটরসাইকেল আরোহী চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।

গতকাল সোমবার (২২ এপ্রিল) সন্ধ্যা থেকে চুয়েট গেইটের কাছে কাপ্তাই সড়ক অবরোধের পাশাপাশি আজ মঙ্গলবার (২২ এপ্রিল)বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বর্জন করেছেন শিক্ষার্থীরা। সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়ার পাশাপাশি টায়ার পুড়িয়ে বিক্ষোভ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে তারা সাত দফা দাবি ঘোষণা করেন।

এদিকে এ ব্যাপারে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এবং চুয়েট পরিস্থিতি সমাধানে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক চলছে বলে জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান।

আজ মঙ্গলবার সকাল থেকেই শত শত শিক্ষার্থী চুয়েট গেইটের কাছে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে রাখে। এই সময় শিক্ষার্থীরা তাদের সাত দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো, বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে মামলার মাধ্যমে তৌফিক ও শান্ত হত্যার বিচার করতে হবে, ক্ষতিপূরণ প্রদানসহ শাহ আমানত বাস কর্তৃপক্ষকে আহত চুয়েট ছাত্র হিমুর সব চিকিৎসার দায়িত্ব নিতে হবে, চট্টগ্রাম-কাপ্তাই মহাসড়কে শাহ আমানত ও এবি ট্র্যাভেলসসহ সব লোকাল বাস চলাচল বন্ধ করতে হবে, চুয়েটে বাস পর্যাপ্ততা নিশ্চিত করতে হবে এবং আধুনিক যন্ত্রপাতি ও অক্সিজেন সিলিন্ডারসহ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে হবে, চুয়েট মেডিকেল সেন্টারের সক্ষমতা বৃদ্ধি করতে হবে।

এসব দাবি লিখিতভাবে আদায় না হওয়া পর্যন্ত সব প্রকার শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে এবং আন্দোলন চলবে বলে জানান শিক্ষার্থীরা।

এদিকে আজ দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয় মাঠে নিহত দুই শিক্ষার্থীর গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। বিকেল ৩টায় শোকসভা ও দোয়া মাহফিলে অংশ নেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

এর আগে, গতকাল সোমবার (২২ এপ্রিল) বিকেল ৩টার দিকে দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের সেলিমা কাদের কলেজ গেট এলাকায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে শান্ত সাহা ও তৌফিক হোসেন নামে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের দুই ছাত্র নিহত হন।

/রেজাউল/মেহেদী/

সর্বশেষ

পাঠকপ্রিয়