শাবিপ্রবিতে ছাত্রশিবিরের প্রকাশনা ও নববর্ষ উৎসব
শাবিপ্রবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখার বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে দুই দিনব্যাপী প্রকাশনা ও নববর্ষ উৎসব শুরু হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে শুরু হয়েছে। চলবে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলার পাশে বসানো হয়েছে উৎসবের স্টল।
সেখানে দুটি পৃথক স্টল রয়েছে, ছাত্রদের জন্য ‘শরিফ ওসমান বিন হাদি’ স্টল এবং ছাত্রীদের জন্য ‘শহীদ আবরার ফাহাদ’ স্টল। স্টলগুলোতে জুলাই বিপ্লব নিয়ে শাবিপ্রবি শিক্ষার্থীদের লেখা বই, ছাত্রশিবিরের তিন পৃষ্ঠার ক্যালেন্ডার, ছোট-বড় তিন ধরনের ডায়েরি, শিশু ও প্রাপ্তবয়স্কদের জন্য শিক্ষামূলক ও ইসলামিক বইসহ প্রায় ২৯ ধরনের প্রকাশনা সামগ্রী প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে।
দিনভর বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা স্টলে ভিড় করছেন। কেউ প্রকাশনা ঘেঁটে দেখছেন, কেউ আবার নিজের বা প্রিয়জনের জন্য কিনে নিচ্ছেন পছন্দের বই ও সামগ্রী।
প্রকাশনা উৎসবে এসে কয়েকটি বই কেনেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আতিফ আহমেদ। তিনি বলেন, “বিগত সময়ে এমন আয়োজন দেখিনি। বর্তমান সময়ে এ ধরনের উদ্যোগ প্রয়োজন। বইমেলা আগেও হয়েছে, তবে এ রকম প্রোগ্রাম হয়নি। একাডেমিক পড়াশোনার পাশাপাশি মুসলিম হিসেবে ইসলামী বই পড়াও জরুরি। এখানে সমসাময়িক ইসলাম বিষয়ক বেশ কিছু ভালো বই এসেছে। আমি কয়েকটি সংগ্রহ করেছি।”
আয়োজন সম্পর্কে জানতে চাইলে শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মুজাহিদুল ইসলাম বলেন, “ছাত্রশিবির একটি গতিশীল সংগঠন। প্রতি বছর নববর্ষ উপলক্ষে আমরা বিভিন্ন প্রকাশনা নিয়ে আসি। আমাদের লক্ষ্য, ছাত্ররাজনীতির পুরোনো ধারা থেকে বের হয়ে ক্যারিয়ারভিত্তিক ছাত্ররাজনীতি গড়ে তোলা। সেই ভাবনা থেকেই এ আয়োজন। আমরা গঠনমূলক কার্যক্রম নিয়মিত পরিচালনা করে আসছি এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।”
শিক্ষার্থীদের সাড়া প্রসঙ্গে তিনি বলেন, “ভালো সাড়া পাচ্ছি। ক্লাসের ফাঁকে অনেকেই এসে প্রকাশনা কিনছেন। আমাদের পক্ষ থেকে উপহার হিসেবে রমাদান প্ল্যানার ও ক্যালেন্ডার দেওয়া হচ্ছে। সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে জুলাই আন্দোলন নিয়ে শাবিপ্রবি শিক্ষার্থীদের লেখা ‘জুলাই স্মৃতি’ বই।”
তিনি আরো জানান, তিন পাতার ক্যালেন্ডারে জুলাই ও বিজ্ঞান-প্রযুক্তিভিত্তিক বিভিন্ন ফিচার তুলে ধরা হয়েছে। পাশাপাশি শিবিরের সিলেবাসভিত্তিক সাহিত্য, রমাদান পরিকল্পনা ও নিজস্ব প্রকাশনীর বইও রয়েছে স্টলে।
ঢাকা/ইকবাল/জান্নাত