শাবিপ্রবিতে চালু হচ্ছে ‘বেস্ট স্টাফ’ স্বীকৃতি
শাবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক মো. খায়রুল ইসলাম কর্মচারীদের কাজের গতি ও উৎসাহ বাড়াতে ‘বেস্ট স্টাফ’ পুরস্কার চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন। একই সঙ্গে তিনি শিক্ষার্থীবান্ধব, জবাবদিহিমূলক ও পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।
রবিবার (২৪ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ছয়টি আবাসিক হল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। পরিদর্শন করা হলগুলো হলো— আয়েশা সিদ্দিকা হল, বেগম সিরাজুন্নেসা চৌধুরী হল, ফাতিমা তুজ জাহরা হল, শাহপরান হল, বিজয় ২৪ হল এবং সৈয়দ মুজতবা আলী হল।
হল পরিদর্শনের সময় উপাচার্য অধ্যাপক মো. খায়রুল ইসলাম শিক্ষার্থীবান্ধব ও জবাবদিহিমূলক প্রশাসনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিনয়ী ও দায়িত্বশীল হতে হবে। বিশেষ করে আর্থিক বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে।”
হল প্রশাসন ও কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, “সবাইকে মন থেকে দায়িত্ব পালন করতে হবে। কর্মচারীদের কাজের গতি ও উৎসাহ বাড়াতে ‘বেস্ট স্টাফ’ পুরস্কার বা স্বীকৃতি চালুর পরিকল্পনা করা হচ্ছে। সবাই নিজ নিজ দায়িত্ব ঠিকভাবে পালন করলে হলের সার্বিক পরিবেশও উন্নত হবে।”
শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য বলেন, “শিক্ষার্থীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করাই প্রশাসনের প্রধান দায়িত্ব। কারণ শিক্ষার্থীদের জন্যই বিশ্ববিদ্যালয়। তাদের সব ধরনের সমস্যা সমাধানে প্রশাসন কাজ করবে।”
তিনি আরো বলেন, “শিক্ষার্থীদের সমস্যার কথা সরাসরি জানানোর জন্য নির্দিষ্ট ‘ভিজিটিং আওয়ার’ চালু করা হবে। হলের কক্ষগুলো সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। সবচেয়ে পরিচ্ছন্ন কক্ষের শিক্ষার্থীদের পুরস্কৃত করা হবে।”
হলগুলোতে পরিচ্ছন্নতা, খাবারের মান ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন কাজ করছে উল্লেখ করে উপাচার্য জানান, আসন্ন ঈদ উপলক্ষে হলের শিক্ষার্থীদের জন্য বিশেষ ও উন্নতমানের খাবারের ব্যবস্থা করা হবে।
নিজের কর্মপরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করতে চাই।” তবে এ কাজ একার পক্ষে সম্ভব নয়, তাই সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
ভালো কাজের মূল্যায়ন হয়। তাই সবাইকে বিনয়ী ও কর্মঠ হতে হবে। শাবিপ্রবিতে ভালো কিছু কাজ রেখে যেতে চান বলেও জানান তিনি।পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম, পরিবহন প্রশাসক অধ্যাপক আ ফ ম জাকারিয়া, বিভিন্ন হলের প্রভোস্ট ও সহকারী প্রভোস্টসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ঢাকা/ইকবাল/জান্নাত
জঙ্গল সলিমপুরে র্যাবের ক্যাম্পে সন্ত্রাসীদের গুলি, যৌথ বাহিনীর অভিযান