চবিতে দুই দিনব্যাপী বৈশাখী উৎসব ও উদ্যোক্তা মেলা
চবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বাংলা নববর্ষকে ঘিরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আয়োজন করা হয়েছে দুই দিনব্যাপী ‘বৈশাখী উৎসব ও উদ্যোক্তা মেলা’। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও ‘কারুবীথি’র যৌথ উদ্যোগে ১৪ ও ১৫ এপ্রিল এই মেলা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে এতে ৭৫টি স্টল নিবন্ধন করেছে।
রবিবার (১২ এপ্রিল) দুপুর দেড়টার দিকে চাকসু ভবনের তৃতীয় তলায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চাকসু প্রতিনিধিরা।
সংবাদ সম্মেলনে চাকসুর ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মেহেদী হাসান সোহান জানান, বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বর ও শহীদ মিনার প্রাঙ্গণে সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। মেলার দ্বিতীয় দিনে থাকবে সাংস্কৃতিক আয়োজন। পাশাপাশি সেরা স্টলগুলোকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অনুযায়ী সম্মাননা স্মারক প্রদান করা হবে।
চাকসুর সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক হারেজুল ইসলাম বলেন, “এবারের মেলায় নিবন্ধিত ৭৫টি স্টলে বৈশাখী ঐতিহ্যভিত্তিক নানা সেমি-হ্যান্ডমেড ও হ্যান্ডমেড পণ্য প্রদর্শিত হবে। এসব পণ্য মানসম্মত হলে ‘কারুবীথি’ উদ্যোক্তাদের দেশীয় ও আন্তর্জাতিক বাজারে পণ্য বিপণন ও মার্কেটিংয়ে সহায়তা দেবে।”
চাকসুর নির্বাহী সদস্য সোহানুর রহমান বলেন, “আয়োজকরা একটি জাঁকজমকপূর্ণ আয়োজন উপহার দিতে চান, যেখানে বাঙালির হাজার বছরের ঐতিহ্যের ছাপ থাকবে।” এই মেলার মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সৃজনশীলতা দেশজুড়ে তুলে ধরা সম্ভব হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
ঢাকা/মিজানুর/জান্নাত
হামসহ শিশুদের টিকা নিয়ে দুদকে অভিযোগ: অধ্যাপক ইউনূস ও সাবেক উপদেষ্টা নূরজাহানের বিরুদ্ধে তদন্ত দাবি