নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বেরোবিতে বিতর্ক
বেরোবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অতিরিক্ত রেজিস্ট্রার, অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক এবং অতিরিক্ত পরিচালক (সেন্ট্রাল লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সেন্টার) পদে নিয়োগ কার্যক্রম স্থগিতের আবেদন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার মো. আমিনুর রহমান।
বুধবার (২১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর দেওয়া এক আবেদনে তিনি নিয়োগ বিজ্ঞপ্তির শর্তাবলী নিয়ে আপত্তি জানান। তিনি নিজেও উল্লিখিত পদগুলোর একজন আবেদনকারী।
গত ১২ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ৪র্থ গ্রেডভুক্ত এসব পদে নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আবেদনে আমিনুর রহমান উল্লেখ করেন, ২০২৫ সালের ১৩ এপ্রিল অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ১১১তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী পূর্বে অনুমোদিত শর্ত অনুসরণ করে বিজ্ঞপ্তি প্রকাশের কথা ছিল।
তিনি দাবি করেন, ২০২৪ সালের ১ জুন অনুষ্ঠিত ১০৩তম সিন্ডিকেট সভায় অতিরিক্ত পরিচালক পদের জন্য ন্যূনতম ১২ বছরের অভিজ্ঞতার শর্ত নির্ধারণ করা হয়েছিল। কিন্তু, সাম্প্রতিক বিজ্ঞপ্তিতে এ শর্ত ১৩ বছর করা হয়েছে, যা পূর্ব সিদ্ধান্তের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।
তিনি আরো বলেন, “বিশ্ববিদ্যালয় আইন, ২০০৯ অনুযায়ী নিয়োগের শর্ত নির্ধারণের ক্ষমতা সিন্ডিকেটের। তাই শর্ত পরিবর্তন করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে তা আইন ও সিন্ডিকেটের সিদ্ধান্তের ব্যত্যয় ঘটায়।”
এ কারণে সংশ্লিষ্ট নিয়োগ কার্যক্রম স্থগিত রেখে সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশের আহ্বান জানান তিনি।
অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. ফেরদৌস রহমান বলেন, “কারো জন্য কোনো নিয়ম শিথিল করা হয়নি; বরং শর্ত আরো কঠোর করা হয়েছে। ইউজিসির নীতিমালা অনুসারে এ ধরনের পদে সাধারণত ১৪ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়, সেখানে বিশ্ববিদ্যালয় ১৩ বছর নির্ধারণ করেছে।”
তিনি আরো জানান, ইউজিসির সঙ্গে আলোচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ফলে, নিয়োগ কার্যক্রম স্থগিতের সুযোগ নেই বলেও তিনি উল্লেখ করেন।
ঢাকা/সাজ্জাদ/জান্নাত
২ জাহাজ আটক করেছে ইরান