ঢাবিতে সাংবাদিক হেনস্তায় ডাকসুর নিন্দা
ঢাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) একদিনে ছয়জন সাংবাদিক হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। সংগঠনটি বলেছে, এ ধরনের ঘটনা গণমাধ্যমের স্বাধীনতা এবং নাগরিকের তথ্য জানার অধিকারের ওপর সরাসরি আঘাত।
বুধবার (২২ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৃথক দুটি ঘটনায় পেশাগত দায়িত্ব পালনকালে ছয়জন সাংবাদিক হামলা ও হেনস্তার শিকার হন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এ বিষয়ে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে ডাকসু জানায়, সাম্প্রতিক সময়ে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠনগুলোর সহিংসতা উদ্বেগজনকভাবে বেড়েছে। ‘সোনালী দিন’ কর্মসূচিকে ঘিরে ক্যাম্পাসে সহিংসতার প্রবণতা আরো তীব্র হয়েছে বলেও উল্লেখ করা হয়।
ঘটনার বিবরণে বলা হয়, বুধবার সন্ধ্যায় বিজয় একাত্তর হলের সামনে প্রাইম বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ইফতেখার সোহান সিফাত ভিডিও ধারণ করতে গেলে বাধা দেওয়া হয় এবং তাকে হেনস্তা করা হয়। একই ঘটনায় দৈনিক মানবজমিনের প্রতিনিধি আসাদুজ্জামান খান এবং নয়াদিগন্তের প্রতিনিধি হারুন ইসলামও হেনস্তার শিকার হন।
এছাড়া, একইদিন মধ্যরাতে ড. মুহাম্মদ শহীদুল্লাহ হল এলাকায় আরেকটি ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ও কালের কণ্ঠের প্রতিনিধি মানজুর হোসাইন মাহী, অর্থ সম্পাদক ও ডেইলি অবজারভারের প্রতিনিধি নাইমুর রহমান ইমন এবং সদস্য সজিব আহমেদ হামলা ও হেনস্তার শিকার হন।
ডাকসু নেতারা বলেছে, “সাংবাদিকদের ওপর হামলা ও সংবাদ সংগ্রহে বাধা দেওয়া গণমাধ্যমের স্বাধীনতা এবং জনগণের তথ্য জানার অধিকারের পরিপন্থি।”
তারা আরো উল্লেখ করে, “আওয়ামী লীগ সরকারের পতনের পর ক্যাম্পাসে যে শান্তিপূর্ণ ও সহনশীল পরিবেশ তৈরি হয়েছিল, সাম্প্রতিক এসব ঘটনা সেই পরিবেশকে নষ্ট করছে এবং কর্তৃত্ববাদী রাজনৈতিক সংস্কৃতির আশঙ্কা তৈরি করছে।”
সংগঠনটি আরো জানায়, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা, ভয়ভীতি প্রদর্শন এবং সংবাদ সংগ্রহে প্রতিবন্ধকতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে জবাবদিহির আওতায় আনা, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে ডাকসুর সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম, সাধারণ সম্পাদক এস এম ফরহাদ এবং সহ-সাধারণ সম্পাদক মুশফিক মাহমুদ খান স্বাক্ষর করেন।
ঢাকা/সৌরভ/জান্নাত
তৃতীয় ওয়ানডে: নিউজিল্যান্ডকে ৫৫ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ