ঢাকা     রোববার   ২৬ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১৩ ১৪৩৩ || ৮ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টি নোবিপ্রবির সাবেক শিক্ষার্থী

নোবিপ্রবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৩, ২৬ এপ্রিল ২০২৬   আপডেট: ১৫:৫৫, ২৬ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টি নোবিপ্রবির সাবেক শিক্ষার্থী

নাহিদা সুলতানা বৃষ্টি

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে যাওয়া নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সাবেক শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মৃত্যুর বিষয়টি সামনে আসে । শনিবার (২৫ এপ্রিল) সকালে তার ভাই জাহিদ হাসান প্রান্ত সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানান।

তিনি জানান, মার্কিন পুলিশ নাহিদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তদন্ত কর্মকর্তাদের বরাতে তিনি বলেন, “এক সন্দেহভাজনের বাসা থেকে উদ্ধার করা রক্তের নমুনা ও মানবদেহের একটি অংশের ডিএনএ পরীক্ষা করা হয়। পরীক্ষার ফলাফলে সেটি নাহিদা সুলতানা বৃষ্টির বলে শনাক্ত হয়েছে। তবে, তার মরদেহের সম্পূর্ণ অংশ উদ্ধার হয়েছে কি না, সে বিষয়ে এখনো স্পষ্ট তথ্য দেয়নি পুলিশ।”

আরো পড়ুন:

নাহিদা সুলতানা বৃষ্টি নোবিপ্রবির অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (ACCE) বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। সেখান থেকে কৃতিত্বের সঙ্গে স্নাতক শেষ করে তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (USF)-এ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি করছিলেন। মেধাবী এই শিক্ষার্থীর এমন পরিণতিতে তার পরিবার, সহপাঠী ও বিশ্ববিদ্যালয়জুড়ে গভীর শোক নেমে এসেছে।
গত ১৬ এপ্রিল ট্যাম্পায় আরেক বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের বাসা থেকে শেষবারের মতো দেখা গিয়েছিল নাহিদাকে। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। এ ঘটনায় লিমনের রুমমেট হিশাম সালেহ আবুগারবিয়েহ নামের এক মার্কিন নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বাসা থেকেই নাহিদার মরদেহের নমুনা উদ্ধার করা হয়।

এর আগে নিখোঁজ হওয়া জামিল লিমনের ক্ষতবিক্ষত মরদেহ ফ্লোরিডার ট্যাম্পার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে উদ্ধার করে হিলসবরো কাউন্টি শেরিফ কার্যালয়। প্রায় একই সময়ে নিখোঁজ হওয়া দুই বাংলাদেশি শিক্ষার্থীর এমন বীভৎস পরিণতি পুরো বাংলাদেশি কমিউনিটি ও নোবিপ্রবি পরিবারকে স্তব্ধ করে দিয়েছে।

ঢাকা/শফিউল্লাহ/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়