মিমোর মৃত্যু: সুষ্ঠু তদন্তে বিচারের চায় ছাত্রদল ও শিক্ষার্থীরা
ঢাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর মৃত্যুকে কেন্দ্র করে ক্যাম্পাসে শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন বিভাগের শিক্ষার্থীরা। একই সঙ্গে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
মঙ্গলবার (২৮ এপ্রিল) অপরাজেয় বাংলা ভাস্কর্যের পাদদেশে আয়োজিত মানববন্ধনে শিক্ষার্থীদের পাশাপাশি কয়েকজন শিক্ষকও সংহতি প্রকাশ করেন।
এ সময় শিক্ষার্থী আনিয়া আক্তার অভিযোগ করেন, “দীর্ঘদিন ধরে বিভাগের কিছু শিক্ষকের আচরণ শিক্ষার্থীদের মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে, যার করুণ পরিণতি মিমোর মৃত্যু।” তিনি ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।
বিভাগীয় চেয়ারম্যান কাজী তামান্না হক সিগমা বলেন, “শিক্ষার্থীদের দাবির সঙ্গে বিভাগ একমত। অভিযুক্ত শিক্ষক সুদীপ চক্রবর্তীকে ইতোমধ্যে অব্যাহতি দেওয়া হয়েছে এবং বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচ্চপর্যায়ে জানানো হয়েছে।”
মানববন্ধনে শিক্ষার্থীদের পক্ষে রাফিউল রকি ৭ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে—অভিযুক্তদের বিষয়ে দ্রুত স্পষ্ট সিদ্ধান্ত, নৈতিক স্খলন ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে সংশ্লিষ্ট শিক্ষকের স্থায়ী বহিষ্কার, শিক্ষার্থীদের ওপর মানসিক ও শারীরিক নির্যাতন বন্ধ, মিমোর পরিবারের আইনি সহায়তার দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের নেওয়া, জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, শিক্ষক-শিক্ষার্থী যোগাযোগে নীতিমালা প্রণয়ন এবং বিচার শেষ না হওয়া পর্যন্ত অভিযুক্ত শিক্ষকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা।
অন্যদিকে, একই দিনে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা মিমোর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে। তারা জানায়, গত ২৬ এপ্রিল মিমো আত্মহত্যা করেন এবং এ ঘটনায় বিভাগের এক শিক্ষক ও এক সহপাঠীর সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে।
ছাত্রদল নেতারা বলেন, “অভিযুক্তদের পরিচয় বিবেচনা না করে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে এবং দ্রুত বিচার করতে হবে।” সংগঠনটির ঢাবি শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন মিমোর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
তারা আরো বলেন, “বিশ্ববিদ্যালয় জ্ঞানচর্চার স্থান হলেও এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনকে আরো দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
ঢাকা/সৌরভ/জান্নাত


বিমানবন্দরে নিরাপত্তা জোরদার, বাড়ছে নজরদারি: স্বরাষ্ট্রমন্ত্রী