ঢাকা     সোমবার   ০৮ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৫ ১৪৩৩ || ২২ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সিমাগো র‍্যাঙ্কিংয়ে ভেটেরিনারিতে দেশসেরা বাকৃবি

বাকৃবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৭, ৭ জুন ২০২৬  
সিমাগো র‍্যাঙ্কিংয়ে ভেটেরিনারিতে দেশসেরা বাকৃবি

স্পেনভিত্তিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান সিমাগো ইনস্টিটিউশনস র‍্যাঙ্কিংস-২০২৬-এর ভেটেরিনারি সায়েন্স ক্যাটাগরিতে দেশের শীর্ষস্থান অর্জন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। এশিয়ার ২৫১টি প্রতিষ্ঠানের মধ্যে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ৯২ তম এবং বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে অবস্থান ৪৩২ তম।

রবিবার (৭ জুন) দুপুর ১২টায় ভেটেরিনারি অনুষদের ডিন কনফারেন্স হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অনুষদের ডিন অধ্যাপক মো. বাহানুর রহমান।

আরো পড়ুন:

সংবাদ সম্মেলনে অধ্যাপক মো. বাহানুর রহমান বলেন, “সিমাগো একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত র‍্যাঙ্কিং প্রতিষ্ঠান, যা শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান, দেশ এবং গবেষণা প্রকাশনার মূল্যায়ন করে তালিকা প্রকাশ করে। চলতি বছরে বিশ্বের ১০ হাজার ৮২৭টি প্রতিষ্ঠান এ র‍্যাঙ্কিংয়ে স্থান পেয়েছে, যার মধ্যে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৫ হাজার ৪৯১।”

তিনি জানান, ভেটেরিনারি সায়েন্স ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত ১ হাজার ৩০৬টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৯৭৮টি প্রতিষ্ঠান তালিকাভুক্ত হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদ। এশিয়ায় ২৫১টি প্রতিষ্ঠানের মধ্যে এর অবস্থান ৯২তম এবং বিশ্বে ৯৭৮টি প্রতিষ্ঠানের মধ্যে ৪৩২ তম।

তিনি আরো বলেন, “বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এ ক্যাটাগরিতে দ্বিতীয় স্থানে রয়েছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, যার বৈশ্বিক অবস্থান ৫৯৩ তম। তৃতীয় স্থানে রয়েছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (১১০৪ তম), চতুর্থ স্থানে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (১১৬২ তম) এবং পঞ্চম স্থানে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (১২৮৫ তম)।

এ অর্জনকে পুরো বিশ্ববিদ্যালয় পরিবারের সম্মিলিত প্রচেষ্টার ফল উল্লেখ করে অধ্যাপক বাহানুর রহমান বলেন, “শিক্ষক, গবেষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বিত উদ্যোগেই এ সাফল্য এসেছে। আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণার মাধ্যমে এ অবস্থান আরো সুদৃঢ় করতে কাজ করা হবে।”

তিনি জানান, র‍্যাঙ্কিং-সংক্রান্ত কার্যক্রম আরো সমন্বিতভাবে পরিচালনার জন্য অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষকদের নিয়ে ১৫ সদস্যের একটি র‍্যাঙ্কিং সেল গঠন করা হয়েছে। এই সেল র‍্যাঙ্কিং-সম্পর্কিত সব কার্যক্রম তদারকি ও সমন্বয়ের দায়িত্ব পালন করবে।

সংবাদ সম্মেলনে মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের প্রধান অধ্যাপক কে. এইচ. এম. নাজমুল হুসাইন নাজির বলেন, “ভেটেরিনারি সায়েন্স ক্যাটাগরিতে মূলত গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন এবং সামাজিক প্রভাব—এই তিনটি সূচকের ভিত্তিতে মূল্যায়ন করা হয়। এ ক্ষেত্রে শুধুমাত্র স্কোপাস-ইনডেক্সড জার্নালে প্রকাশিত গবেষণা প্রবন্ধ বিবেচনায় নেওয়া হয়।”

তিনি বলেন, “গবেষণা প্রকাশনার ব্যয় বিশ্ববিদ্যালয়ের অন্যতম বড় সীমাবদ্ধতা। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম থেকে কিছু অর্থায়ন করা হলেও তা প্রয়োজনের তুলনায় অনেক কম। পাশাপাশি সরকারি গবেষণা বরাদ্দও অপ্রতুল। গবেষণায় সরকারি সহায়তা বাড়ানো গেলে শিক্ষার্থীদের স্নাতক পর্যায় থেকেই গবেষণার সঙ্গে আরও সক্রিয়ভাবে যুক্ত করা সম্ভব হবে, যা ভবিষ্যতে আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে দেশের অবস্থান উন্নত করতে সহায়ক হবে।”

এ সময় ভেটেরিনারি অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. মো. মকবুল হোসেন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান এবং ভেটেরিনারি টিচিং হসপিটালের পরিচালক উপস্থিত ছিলেন।

ঢাকা/লিখন/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়